সন্ত্রাস ও রাজনৈতিক অভিযোগে হার্ভার্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীদের নতুন ভর্তি বন্ধের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা আন্তর্জাতিক শিক্ষার্থীদের অন্য কোনো প্রতিষ্ঠান থেকে ভর্তি না হলে তাদের অভিবাসন বৈধতা হারানোর ঝুঁকি রয়েছে।
মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের বৃহস্পতিবার (২২ মে) প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ থেকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম (এসইভিপি) সার্টিফিকেশন বাতিল করা হয়েছে।
এই পদক্ষেপের পেছনে প্রশাসনের অভিযোগ, হার্ভার্ড সন্ত্রাস, ইহুদি-বিদ্বেষ এবং চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে সমন্বয় করে কাজ করছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এই সিদ্ধান্তকে ‘অবৈধ ও প্রতিশোধমূলক’ বলে অভিহিত করেছে এবং ক্ষতিগ্রস্ত হাজারো শিক্ষার্থীর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে।
তবে হার্ভার্ডকে এই সুযোগ ফিরে পাওয়ার জন্য কঠোর শর্ত দিতে হবে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয়কে বিগত পাঁচ বছরে বিদেশি শিক্ষার্থীদের সংঘটিত সহিংস কর্মকাণ্ড সম্পর্কিত সমস্ত তথ্য, ছবি, ভিডিও ও অডিও প্রমাণ সরকারকে সরবরাহ করতে হবে।
সম্প্রতি ইসরায়েলবিরোধী আন্দোলনের কারণে হার্ভার্ড এবং মার্কিন সরকার ও প্রশাসনের মধ্যে দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। বর্তমানে বিশ্বজুড়ে প্রায় ৭ হাজার বিদেশি শিক্ষার্থী এই প্রতিষ্ঠানে অধ্যয়নরত, যাদের ওপর এই সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়বে।