জার্মানির হামবুর্গে ছুরিকাঘাতে আহত ১৮, চারজনের অবস্থা সংকটাপন্ন
জার্মানির হামবুর্গ শহরের রেলস্টেশনে ছুরিকাঘাতের এক ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক, এবং ছয়জনের জখম গুরুতর বলে জানা গেছে।
শুক্রবার (২৩ মে) স্থানীয় সময় সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে সন্দেহভাজন এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। ৩৯ বছর বয়সী ওই নারী কোনো প্রতিরোধ ছাড়াই নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।
হামলার সুনির্দিষ্ট উদ্দেশ্য এখনো পরিষ্কার নয়। পুলিশ জানিয়েছে, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হামলা ছিল কি না, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। পাশাপাশি, ওই নারী মানসিকভাবে অসুস্থ ছিলেন কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। ফরেনসিক বিভাগ ইতোমধ্যে কাজ শুরু করেছে।
ঘটনার পর জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ আহতদের এবং তাদের পরিবারের প্রতি গভীর সহমর্মতা প্রকাশ করেছেন। তিনি বলেন, এমন নৃশংস হামলা অনাকাঙ্ক্ষিত এবং এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ও স্বচ্ছ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।