ছাত্র উপদেষ্টাদের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই: আহ্বায়ক নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) স্পষ্টভাবে জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সঙ্গে তাদের দলের কোনো সম্পর্ক নেই।
শনিবার (২৪ মে) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “তারা যদি রাজনীতিতে আসতে বা নির্বাচনে অংশ নিতে চায়, তাহলে তাদের সরকারের বাইরে এসে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে হবে।”
তিনি আরও বলেন, “গণঅভ্যুত্থানের সময় তাদের জনগণের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারে অন্তর্ভুক্ত করা হয়েছিল, আমি নিজেও তখন তাদের সঙ্গে ছিলাম। তবে এখন যদি তারা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এগোতে চায়, তাহলে সেটা সরকারের ছত্রছায়ায় সম্ভব নয়।”
সংবাদ সম্মেলনে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, দেশের পরিস্থিতিতে এখন এক-এগারোর আভাস দেখা যাচ্ছে। তিনি অভিযোগ করেন, “জনগণের যে প্রত্যাশা নিয়ে গণঅভ্যুত্থান হয়েছিল, তার বাস্তবায়নে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নির্বাচন, সংস্কার ও বিচারসহ নানা বিষয়ে এখন ধোঁয়াশা তৈরি হয়েছে।”
আখতার হোসেন করিডোর ইস্যু নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, “প্রথমে সরকার বিষয়টি নিয়ে দুই ধরনের বার্তা দেয়। পরে বলা হয়, এটি কেবল মানবিক সহায়তা পাঠানোর জন্য। তবে আমরা বলেছি, এমন স্পর্শকাতর বিষয়ে অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটওয়ারী এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।