বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › চট্টগ্রাম প্রতিদিন › পটিয়ায় নাস্তা কম দেওয়ার অভিযোগে নির্যাতন, ৯ দিন পর অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

পটিয়ায় নাস্তা কম দেওয়ার অভিযোগে নির্যাতন, ৯ দিন পর অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

favicon
ভোরের আলো ডেস্ক:
পটিয়ায় নাস্তা কম দেওয়ার অভিযোগে নির্যাতন, ৯ দিন পর অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় বাবার বাড়ি থেকে নাস্তা কম আনার অভিযোগে শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার হওয়ার নয় দিন পর মারা গেছেন সিফাতুন নূর নামের তিন মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূ। গত ১৪ অক্টোবর গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৩ অক্টোবর) তাঁর মৃত্যু হয়।


নিহত সিফাতুন নূরের বাবার বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভা এলাকায়। প্রায় চার মাস আগে পটিয়ার পূর্ব কুসুমপুরা গ্রামের দুবাইপ্রবাসী তারেকের সঙ্গে পারিবারিকভাবে তাঁর বিয়ে হয়।


নিহতের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে সিফাতুনকে বিভিন্ন সময়ে নির্যাতন করা হতো। ঘটনার দিন বাবার বাড়ি থেকে নাস্তা কম আনার অভিযোগকে কেন্দ্র করে তাঁর মা ও শাশুড়ির মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে মারধরের ঘটনায় গড়ায় বলে দাবি স্বজনদের।


পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়, ঘটনার রাতে সিফাতুনের জন্য নাস্তা নিয়ে শ্বশুরবাড়িতে যান তাঁর মা। নাস্তা কম আনা হয়েছে—এমন অভিযোগ তুলে শাশুড়ি তাঁদের সঙ্গে বিরোধে জড়ান। পরে ধস্তাধস্তি ও মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ করেন তাঁরা।


ঘটনার দিন রাত ৯টার দিকে সিফাতুন ও তাঁর মায়ের সঙ্গে শাশুড়ির ধস্তাধস্তির দৃশ্য বাড়ির সিসিটিভি ক্যামেরায় ধারণ করা হয় বলে জানিয়েছে নিহতের পরিবার। তাঁদের ভাষ্য, ফুটেজে ঘটনার সময়কার পরিস্থিতি দেখা যায়। একপর্যায়ে মেয়েকে মেরে ফেলা হয়েছে—এমন বিলাপ করতে শোনা যায় তাঁর মাকে।


পরিবারের দাবি, ঘটনার প্রায় এক ঘণ্টা পর গুরুতর অসুস্থ অবস্থায় সিফাতুনকে বাড়ি থেকে হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে টানা নয় দিন চিকিৎসাধীন থাকার পর তাঁর মৃত্যু হয়।


নিহতের এক স্বজন অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির পক্ষ থেকে বিভিন্ন জিনিসপত্র দাবি করা হতো। তাঁদের দাবি অনুযায়ী, কলসি ও আসবাবপত্র দেওয়ার পরও নতুন করে বিভিন্ন সামগ্রী চাওয়া হতো। ঘটনার দিন ৪০০টি নাস্তা নিয়ে যাওয়ার পরও তা নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয় বলে অভিযোগ করেন তিনি।


ওই স্বজনের আরও অভিযোগ, ঘটনার রাতে ফোনে কথোপকথনের মাধ্যমে পরিকল্পনা করে সিফাতুনকে নির্যাতন করা হয়েছিল। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।


এদিকে সিফাতুনের মৃত্যুর পর তাঁর স্বামীর পক্ষ থেকে ঘটনাটিকে আত্মহত্যা বলে দাবি করা হয়েছে বলে জানিয়েছেন স্বজনেরা। তবে এ দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তাঁরা। তাঁদের প্রশ্ন, আত্মহত্যার ঘটনা হলে কীভাবে সিফাতুন টানা নয় দিন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।


এ ঘটনায় নিহতের বাবা মামলা করার পর তাঁর শাশুড়ি রিজিয়া বেগমকে আটক করেছে পুলিশ। তবে মারধরের অভিযোগে অভিযুক্ত অন্যরা পলাতক রয়েছেন বলে জানা গেছে।


পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক টেলিফোনে জানান, তাঁদের মধ্যে পারিবারিক মনোমালিন্য ছিল। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। আগে বা পরে তাঁকে আঘাত করা হয়েছিল কি না, তা চিকিৎসকের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। আইনগত প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।