সোমবার , ১৭ আগস্ট ২০২৬
সোমবার , ১৭ আগস্ট ২০২৬
হোমজাতীয়হজে সৌদি পৌঁছেছেন ৫৯ হাজার ১০১ বাংলাদেশি, এখন পর্যন্ত ৯ হজযাত্রীর মৃত্যু

হজে সৌদি পৌঁছেছেন ৫৯ হাজার ১০১ বাংলাদেশি, এখন পর্যন্ত ৯ হজযাত্রীর মৃত্যু

favicon
ভোরের আলো ডেস্ক:
হজে সৌদি পৌঁছেছেন ৫৯ হাজার ১০১ বাংলাদেশি, এখন পর্যন্ত ৯ হজযাত্রীর মৃত্যু

চলতি বছরের হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন বাংলাদেশ থেকে ৫৯ হাজার ১০১ জন হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৫৮৩ জন, আর বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৫৪ হাজার ৫১৮ জন।

রোববার (২৫ মে) হজ সংক্রান্ত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানিয়েছে হজ হেল্প ডেস্ক। এ তথ্য পাওয়া গেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বাংলাদেশ হজ অফিস (ঢাকা ও সৌদি আরব) থেকে।

এ পর্যন্ত ১৫৩টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে ৭৯টি ফ্লাইট পরিচালনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ৫৩টি সৌদি এয়ারলাইন্স এবং ২১টি ফ্লাইনাস এয়ারলাইন্স।

বুলেটিন অনুযায়ী, এখন পর্যন্ত ৮৬ হাজার ৯২৭টি হজ ভিসা ইস্যু হয়েছে।

এদিকে, হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৯ জন হজযাত্রী মারা গেছেন। তাদের মধ্যে ৮ জন পুরুষ এবং ১ জন নারী। মৃত্যুবরণকারী ব্যক্তিরা হলেন:

    হাফেজ উদ্দিন (৭৩), বকশীগঞ্জ, জামালপুর

    খলিলুর রহমান, রাজবাড়ী

    মো. ফরিদুজ্জামান, কিশোরগঞ্জ

    আল হামিদা বানু, পঞ্চগড়

    মো. শাহজাহান কবীর, মোহাম্মদপুর, ঢাকা

    ফয়েজ উদ্দীন (৭২), নীলফামারী

    অহিদুর রহমান (৭২), সন্দ্বীপ, চট্টগ্রাম

    জয়নাল হোসেন (৬০), গাজীপুর

    আব্দুল হান্নান মোল্লা (৬৩), মতলব, চাঁদপুর

হজ হেল্প ডেস্ক জানিয়েছে, সৌদি আরবে এখন পর্যন্ত ৭৪ জন হজযাত্রী চিকিৎসা নিয়েছেন এবং বর্তমানে ২৬ জন সৌদি সরকারি হাসপাতালে ভর্তি আছেন।

চলতি বছরের হজ কার্যক্রম শুরু হয় ২৯ এপ্রিল, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইটে ৩৯৮ জন হজযাত্রী সৌদি রওনা হওয়ার মধ্য দিয়ে। শেষ ফ্লাইট যাবে ৩১ মে।

এ বছর সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজে যাওয়ার সুযোগ পেয়েছেন। অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ৭০টি।

চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ৫ জুন সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ১০ জুন এবং শেষ ফিরতি ফ্লাইট ১০ জুলাই দেশে পৌঁছাবে।