বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › আর্জেন্টিনার সিনেমা হলে ছাদ ধসে আহত দর্শক, ‘ফাইনাল ডেস্টিনেশন’ দেখার সময় ঘটল বিপত্তি!

আর্জেন্টিনার সিনেমা হলে ছাদ ধসে আহত দর্শক, ‘ফাইনাল ডেস্টিনেশন’ দেখার সময় ঘটল বিপত্তি!

favicon
ভোরের আলো ডেস্ক:
আর্জেন্টিনার সিনেমা হলে ছাদ ধসে আহত দর্শক, ‘ফাইনাল ডেস্টিনেশন’ দেখার সময় ঘটল বিপত্তি!

আর্জেন্টিনার লা প্লাটার জনপ্রিয় সিনেমা হল ‘সিনেমা ওচো’-তে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে। চলতি সপ্তাহের সোমবার (১৯ মে) রাত ৯টার দিকে ‘ফাইনাল ডেস্টিনেশন: ব্লাডলাইনস’ সিনেমা চলাকালীন ছাদের একটি বড় অংশ ধসে পড়ে দর্শকদের ওপর।

দুর্ঘটনায় ২৯ বছর বয়সী ফিয়াম্মা ভিলাভের্দে আহত হন। তিনি তাঁর ১১ বছরের কন্যা ও এক বন্ধুর সঙ্গে সিনেমা দেখতে এসেছিলেন।

ভিলাভের্দে বলেন,

“প্রথমে মনে হয়েছিল ঘটনাটি সিনেমার অংশ, কিন্তু কিছুক্ষণের মধ্যেই একটি বড় টুকরো এসে আমার ওপর পড়ল।”

ধ্বংসস্তূপ তার কাঁধ, পিঠ, হাঁটু ও গোড়ালিতে আঘাত করে এবং মাথায় আঘাত লাগলেও প্রাণে বেঁচে যান। পরে হাসপাতালে ভর্তি করে তার শরীরে কালচে দাগ ও ক্ষত শনাক্ত করা হয়। বর্তমানে তিনি মানসিক আঘাত থেকে সেরে ওঠার জন্য সাইকিয়াট্রিক চিকিৎসা নিচ্ছেন এবং জনসমাগমে যেতে ভয় পাচ্ছেন।

ঘটনার পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছাদ ধসের ভিডিও ছড়িয়ে পড়ে। ফুটেজে দেখা যায়, সিনেমা হলের মেঝে ছাদের ভাঙা অংশে ভরে গেছে এবং দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

ভিলাভের্দে জানিয়েছেন, চোটের কারণে চিকিৎসকরা তাকে কয়েকদিন কাজ থেকে বিরত থাকতে বলেছেন এবং তিনি সিনেমা হল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

ঘটনার পর এখনো সিনেমা হল কর্তৃপক্ষ কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

উল্লেখ্য, ‘ফাইনাল ডেস্টিনেশন’ সিনেমা সিরিজ মূলত দুর্ঘটনাজনিত অপ্রত্যাশিত মৃত্যুর নাটকীয়তায় ভরপুর। অথচ বাস্তবে ঠিক এমন সময়েই এমন এক দুর্ঘটনা ঘটায় দর্শকরা বিস্ময়ে হতবাক।