মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড থেকে জামায়াত নেতা আজহারুল ইসলাম খালাস
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামকে দেওয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল করেছেন আপিল বিভাগ। ফলে তিনি খালাস পেয়েছেন।
মঙ্গলবার (২৭ মে) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন।
২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একাত্তরের মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন। ওই রায়ের বিরুদ্ধে ২০১৫ সালের ২৮ জানুয়ারি তিনি আপিল করেন। দীর্ঘ শুনানি শেষে ২০১৯ সালের ৩১ অক্টোবর আপিল বিভাগ মৃত্যুদণ্ড বহাল রাখে।
পরে ২০২০ সালের ১৫ মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এরপর সেই রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করেন আজহারুল ইসলাম। ২০২0 সালের ১৯ জুলাই দাখিল করা এই আবেদন গ্রহণ করে আপিল বিভাগ, যা মানবতাবিরোধী অপরাধের মামলায় রিভিউ পর্বে প্রথমবারের মতো নতুন করে আপিল শুনানির সুযোগ দেয়।
চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি রিভিউ শুনানি শেষে আবারো পূর্ণাঙ্গ আপিল শুনানি হয় এবং সর্বোচ্চ আদালত শেষপর্যন্ত পূর্বের মৃত্যুদণ্ডের রায় বাতিল করে খালাস দেন।
উল্লেখ্য, ২০১২ সালের ২২ আগস্ট মগবাজারের নিজ বাসা থেকে আজহারুল ইসলামকে গ্রেফতার করা হয় এবং তখন থেকেই তিনি কারাগারে আছেন।