নেতানিয়াহুকে টেক্কা দিয়ে সরকার গঠনের দৌড়ে এগিয়ে আইজেনকোট
ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব কার হাতে তুলে দেওয়া হবে, সে বিষয়ে আগামী রোববার ঘোষণা দেবেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। সম্প্রতি অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনের পর সরকার গঠনের দায়িত্ব পাওয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা চলছে।
শুক্রবার (৬ নভেম্বর) ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেটের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।
প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ জানান, দেশটির ১২০ আসনবিশিষ্ট পার্লামেন্ট নেসেটের ৬৭টি আসনের প্রতিনিধিত্বকারী দলগুলো ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার পক্ষে সুপারিশ করেছে। অন্যদিকে, ৪৬টি আসনের প্রতিনিধিত্বকারী দলগুলো লিকুদ পার্টির নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি সমর্থন জানিয়েছে।
হারজোগ বলেন, প্রাথমিকভাবে ফলাফল স্পষ্ট মনে হলেও রাজনৈতিক জোটগুলোর মধ্যে এবং জোটের অভ্যন্তরে পারস্পরিক মতবিরোধ থাকায় সরকার গঠনের সক্ষমতা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
তিনি আরও জানান, সম্ভাব্য জোট গঠনের পরিস্থিতি যাচাই করতে রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে আলাদাভাবে আলোচনা করবেন। পাশাপাশি একটি স্থিতিশীল সরকার গঠনে সহায়তা করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন তিনি।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর ইসরায়েলে সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।
ইসরায়েলের আইন অনুযায়ী, সংসদীয় দলগুলোর সঙ্গে পরামর্শ করার পর নেসেটে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন আদায়ের সক্ষমতা বিবেচনা করে একজন আইনপ্রণেতাকে সরকার গঠনের দায়িত্ব দেন দেশটির প্রেসিডেন্ট।