ইসরায়েলের নির্দেশে নিজেদের বাড়ি নিজেরাই ভাঙলেন দুই ফিলিস্তিনি পরিবার
অধিকৃত পূর্ব জেরুজালেমের জাবাল আল-মুকাব্বার এলাকায় দুই ফিলিস্তিনি পরিবারকে নিজেদের বসতবাড়ি নিজেরাই ভেঙে ফেলতে বাধ্য করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। বাড়ি দুটিতে দুই পরিবারের মোট ১৮ জন সদস্য বসবাস করতেন।
শুক্রবার (৬ নভেম্বর) ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালে বাড়ি দুটি নির্মাণ করা হয়েছিল। তবে ইসরায়েলি কর্তৃপক্ষের ভাঙার নির্দেশের পর শেষ পর্যন্ত নিজেদের আবাসস্থল নিজেরাই গুঁড়িয়ে দিতে বাধ্য হন পরিবার দুটির সদস্যরা।
এর আগে বাড়ি ভাঙার নির্দেশ ঠেকাতে ইসরায়েলি কর্তৃপক্ষকে মোট ২৫ হাজার ইসরায়েলি শেকেল, যা প্রায় ৭ হাজার ৯০০ মার্কিন ডলারের সমান, পরিশোধ করেছিলেন তারা। কিন্তু অর্থ দিয়েও বাড়ি দুটি রক্ষা করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত নিজেদের মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু নিজের হাতেই ভেঙে ফেলতে হয়েছে তাদের।
এদিকে, সাম্প্রতিক মাসগুলোতে অধিকৃত পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িঘর ভাঙার ঘটনা বেড়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষের এমন পদক্ষেপে প্রতিনিয়ত আবাসস্থল হারানোর ঝুঁকিতে পড়ছেন ওই অঞ্চলের ফিলিস্তিনি পরিবারগুলো। ফলে তাদের মধ্যে বাস্তুচ্যুত হওয়ার উদ্বেগও বাড়ছে।