বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্র-ইরানকে দ্রুত শান্তি চুক্তির তাগিদ কাতারের

সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্র-ইরানকে দ্রুত শান্তি চুক্তির তাগিদ কাতারের

favicon
ভোরের আলো ডেস্ক:
সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্র-ইরানকে দ্রুত শান্তি চুক্তির তাগিদ কাতারের

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানকে অবিলম্বে শান্তি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছে কাতার। পরিস্থিতি আরও অবনতির দিকে যাওয়ার আগেই দুই পক্ষকে সমঝোতায় আসার তাগিদ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।


শনিবার (৭ নভেম্বর) যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে দেওয়া এক সাক্ষাৎকারে এ আহ্বান জানান কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি। এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা।


সাক্ষাৎকারে কাতারের প্রধানমন্ত্রী বলেন, সংঘাতের অবসানে সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করার আর কোনো সুযোগ নেই। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই যুক্তরাষ্ট্র ও ইরানকে শান্তি চুক্তিতে পৌঁছাতে হবে।


এদিকে, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানিয়েছেন, চলমান আলোচনা এগিয়ে নিতে উভয় পক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখছে কাতার।


শান্তি আলোচনা নিয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন অপপ্রচারের সমালোচনা করে তিনি বলেন, এসব অপপ্রচার কেবল তাদের স্বার্থই হাসিল করছে, যারা যুদ্ধকে দীর্ঘায়িত করতে চায়।


অন্যদিকে, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলার পর শান্তি আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, যুদ্ধ বন্ধের লক্ষ্যে বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলছে।