বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › অর্থনীতি-ব্যবসা › ২০২৬ সালে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কঠিন, বাড়তে পারে জুন পর্যন্ত: সিপিডি

২০২৬ সালে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কঠিন, বাড়তে পারে জুন পর্যন্ত: সিপিডি

favicon
ভোরের আলো ডেস্ক:
২০২৬ সালে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কঠিন, বাড়তে পারে জুন পর্যন্ত: সিপিডি

২০২৬ সালের মধ্যে মূল্যস্ফীতির হার সাড়ে ৬ শতাংশে নামিয়ে আনা সম্ভব নয় বলে মন্তব্য করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। বরং চলতি বছরের মার্চ থেকে জুন পর্যন্ত মূল্যস্ফীতি আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থাটি।

মঙ্গলবার (২৭ মে) সিপিডি আয়োজিত চলতি অর্থবছরের তৃতীয় অন্তর্বর্তীকালীন অর্থনৈতিক পর্যালোচনায় এ মন্তব্য করা হয়।

সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা দেয়ার সিদ্ধান্ত মূল্যস্ফীতির ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে।

ব্যাংক খাত নিয়ে সিপিডি বলেছে, সুশাসন নিশ্চিত করতে ব্যাংকের পরিচালনা পর্ষদকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে। ঋণ বিতরণ ও আদায়ে শৃঙ্খলা আনার তাগিদ দিয়ে সংস্থাটি গ্রাহকের ঋণের সীমা লঙ্ঘন না করার দিকেও গুরুত্ব দেয়।

রাজস্ব খাতে দুর্বলতা নিয়েও উদ্বেগ প্রকাশ করে সিপিডি জানায়, চলতি অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি ছিল মাত্র ৫.৩ শতাংশ, যেখানে গত অর্থবছরের একই সময়ে তা ছিল ১৩ শতাংশ। লক্ষ্যমাত্রা পূরণে আগামী মাসে অন্তত ১ লাখ ৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায় প্রয়োজন।

রফতানি খাত সম্পর্কেও সতর্কতা জানিয়ে সিপিডি বলেছে, যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের পাল্টা শুল্ক আরোপ ও ভারতের স্থলবন্দর বিধিনিষেধ বাংলাদেশের রফতানিতে চাপ তৈরি করেছে। এ সমস্যার সমাধানে দ্বিপাক্ষিক আলোচনার উদ্যোগ নেয়া জরুরি বলে মনে করে সংস্থাটি।