বাজেটে মোবাইল শিল্পে বাড়তি করের আভাস, উদ্বেগ উদ্যোক্তাদের
আসন্ন বাজেটে দেশে উৎপাদিত মোবাইল ফোনের ওপর ভ্যাট বাড়ানোর পরিকল্পনা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফলে এসব ফোনের দাম বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। উদ্যোক্তারা বলছেন, কর বৃদ্ধির বদলে অবৈধভাবে আসা মোবাইল ফোন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত।
বর্তমানে বৈশিষ্ট্য অনুসারে দেশে উৎপাদিত মোবাইল ফোনের ওপর ৫.৫% থেকে ৭.৫% পর্যন্ত ভ্যাট আরোপ রয়েছে। মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি রেজওয়ানুল হক জানিয়েছেন, নতুন বাজেটে এই হারে আরও ২.৫% ভ্যাট যোগ হতে পারে।
এ বিষয়ে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহ-সভাপতি এস এম নাজের হোসেন বলেন, “দেশে বর্তমানে প্রায় ১৭টি প্রতিষ্ঠান স্মার্টফোন উৎপাদন ও সংযোজন করছে। এই শিল্পে ব্যাপক কর্মসংস্থান হয়েছে। কর বাড়লে দেশীয় শিল্প বাধাগ্রস্ত হবে।”
তিনি আরও জানান, বাজারে অবৈধ উপায়ে আসা ফোনের সংখ্যা বাড়বে, যা সরকারের রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব ফেলবে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, দেশের প্রায় ৭০% পরিবার এখন স্মার্টফোন ব্যবহার করে। চাহিদা বাড়লেও ব্যবহারকারীদের জন্য নতুন বাজেটে সুখবর থাকছে না বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।