সন্ত্রাসী সুব্রত বাইনসহ চারজনের বিরুদ্ধে রিমান্ড আবেদন
রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা অস্ত্র আইনের মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতেহ আলীসহ চারজনের ১০ দিন করে রিমান্ড আবেদন করা হয়েছে।
বুধবার (২৮ মে) মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার এসআই রিয়াদ আহমেদ এই আবেদন জমা দেন। রিমান্ডের বিষয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।
রিমান্ড চাওয়া অন্য তিন আসামি হলেন—
• আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ
• আরাফাত ইবনে নাসির ওরফে শ্যুটার আরাফাত
• এম এ এস শরীফ
এর আগে, মঙ্গলবার (২৭ মে) ভোরে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে কুষ্টিয়া থেকে গ্রেফতার করা হয় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদকে।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে গ্রেফতার করা হয় সুব্রত বাইনের দুই সহযোগী শ্যুটার আরাফাত ও শরীফকে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং চারজনকেই জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।