রাজশাহীতে জামিন পেয়েই আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, মাথা ফাটল
রাজশাহীতে জমিজমা নিয়ে বিরোধের জেরে আদালত চত্বরেই এক আইনজীবীর ওপর হামলার ঘটনা ঘটেছে। মামলায় জামিন পাওয়ার পর প্রতিপক্ষের লোকজন আইনজীবী অ্যাডভোকেট ইয়ামিন আলীর ওপর হামলা চালিয়ে তার মাথা ফাটিয়ে দিয়েছে।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জমিজমা নিয়ে আইনজীবী ইয়ামিন আলীর সঙ্গে দীর্ঘদিন ধরে কয়েকজনের বিরোধ চলছিল। এ ঘটনায় আইনজীবীর করা একটি মামলায় রোববার দুপুরে আসামিরা আদালত থেকে জামিন পান। পরে আদালত ভবন থেকে বের হওয়ার সময় ইয়ামিন আলীকে ঘিরে ধরে কয়েকজন ব্যক্তি। একপর্যায়ে তারা সম্মিলিতভাবে তার ওপর হামলা চালায়। হামলার মুখে তিনি দৌড়ে গিয়ে একটি খাবারের দোকানে আশ্রয় নেন।
এদিকে, হামলার পর অভিযুক্তরা পালানোর চেষ্টা করলে উপস্থিত জনতা তাদের কয়েকজনকে আটক করে গণপিটুনি দেয়। পরে তাদের আদালত চত্বরে দায়িত্ব পালনরত পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আহত আইনজীবী জানান, জমি নিয়ে বিরোধের জেরে কিছুদিন আগে প্রতিপক্ষের লোকজন তার হাত ভেঙে দিয়েছিল। এ ঘটনায় তিনি মামলা করেন। সেই মামলাতেই রোববার আসামিরা আদালত থেকে জামিন পান।
রাজশাহী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহেদী বলেন, আদালত চত্বরে এ ধরনের ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। এতে আইনজীবীদের কর্মক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি প্রশ্নবিদ্ধ হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।