বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের ছয় ড্রোন হামলা

বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের ছয় ড্রোন হামলা

favicon
ভোরের আলো ডেস্ক:
বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের ছয় ড্রোন হামলা

বাহরাইনে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। রোববার (১৫ নভেম্বর) চালানো এ হামলা গত তিন দিনের মধ্যে দেশটিতে মার্কিন স্থাপনা লক্ষ্য করে ইরানের দ্বিতীয় হামলার চেষ্টা। তবে হামলাটি প্রতিহত করার দাবি করেছে বাহরাইনের সামরিক বাহিনী। খবর বিবিসির।


ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, বাহরাইনের আল-রিফা বিমানঘাঁটিতে অবস্থিত মার্কিন আকাশ প্রতিরক্ষা রাডার স্থাপনাকে লক্ষ্য করে ছয়টি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে।


অন্যদিকে, বাহরাইনের সামরিক বাহিনীর দাবি, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই শনাক্ত ও ধ্বংস করেছে।


রোববার বাহরাইনের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এ সময় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানায়।


এ ঘটনায় বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ইরানের অব্যাহত হামলার নিন্দা জানায়। একই সঙ্গে এসব হামলার পরিণতির জন্য ইরানকে সম্পূর্ণ দায়ী করে দেশটি।


এদিকে, ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালি বন্ধ রয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যেকোনো ধরনের আগ্রাসনের জবাব আরও কঠোর ও শক্তিশালীভাবে দেওয়া হবে।


এর আগে চলতি সপ্তাহে আইআরজিসি দাবি করেছিল, শুক্রবার (১৩ নভেম্বর) বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কতামূলক রাডার ব্যবস্থা ধ্বংস করেছে তারা। তবে এ দাবি প্রত্যাখ্যান করেছে মার্কিন সামরিক বাহিনী। তাদের ভাষ্য, ইরান বাহরাইনের দিকে দুটি একমুখী আক্রমণকারী ড্রোন পাঠিয়েছিল। মার্কিন বাহিনী সেগুলো ভূপাতিত করে। এতে কেউ আহত হয়নি এবং কোনো স্থাপনার ক্ষতিও হয়নি বলে জানায় তারা।


গত সেপ্টেম্বরের পর উপসাগরীয় দেশগুলোতে ইরানের প্রথম হামলা ছিল গত ১৩ নভেম্বরের ড্রোন হামলা। এর মধ্য দিয়ে অঞ্চলটিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।


এদিকে, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ সাধারণত এ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। তবে ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে এ পথে জাহাজ চলাচল সীমিত হয়ে পড়েছে।


ইরান হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখার দাবি জানিয়ে আসছে। দেশটি তাদের বিবেচনায় অননুমোদিত জাহাজ চলাচলের বিরুদ্ধে হামলার হুঁশিয়ারি দিচ্ছে। অন্যদিকে, উপসাগরীয় আরব দেশগুলোর তেল রপ্তানি সচল রাখতে এ প্রণালি দিয়ে চলাচলকারী ট্যাংকারগুলোকে নিরাপত্তা দিচ্ছে মার্কিন সামরিক বাহিনী।