টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুনের মামলার বাদীকে কুপিয়ে জখম
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় দায়ের করা মামলার বাদী মোসলেম উদ্দিনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তাকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। একই দিন সন্ধ্যায় টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্যার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।
রোববার (১৫ নভেম্বর) এসব ঘটনা ঘটে।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেলে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে উপজেলা সদরে মিছিল বের করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় দায়িত্ব পালনকালে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় দায়ের করা মামলার বাদী মোসলেম উদ্দিনের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। তাকে মারধরের পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
অন্যদিকে, একই দিন সন্ধ্যায় টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্যার বাড়িতে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।