বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › অসুস্থ শ্রমিকনেতা আনোয়ার হোসেন, স্থগিত পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভা

অসুস্থ শ্রমিকনেতা আনোয়ার হোসেন, স্থগিত পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভা

favicon
ভোরের আলো ডেস্ক:
অসুস্থ শ্রমিকনেতা আনোয়ার হোসেন, স্থগিত পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভা

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে। আজ সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর শ্রম ভবনে সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সকালে ‘অনিবার্য’ কারণ দেখিয়ে সভা স্থগিতের কথা জানানো হয়। শিগগিরই বৈঠকের নতুন তারিখ নির্ধারণ করবে মজুরি বোর্ড।


জানা গেছে, বোর্ডের স্থায়ী সদস্য ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর অনুপস্থিতিতে সভা করতে চায়নি বোর্ড। আজকের বৈঠকে মালিকপক্ষের প্রতিনিধিদের বেতন কাঠামোসংক্রান্ত প্রস্তাব উপস্থাপনের কথা ছিল।


পোশাকশ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে গত মাস থেকে আন্দোলন করে আসছিলেন। এর পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করে শ্রম মন্ত্রণালয়। গত সোমবার অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধিরা ন্যূনতম ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দেন।


অন্যদিকে, শিল্পের সক্ষমতা বিবেচনায় নিয়ে মজুরির প্রস্তাব তৈরি করা হচ্ছে বলে জানিয়েছিলেন উদ্যোক্তারা।


পোশাকশ্রমিকদের সর্বশেষ নিম্নতম মজুরি ঘোষণা করা হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে। পরের মাস থেকে তা কার্যকর হয়। সে হিসাবে পোশাক খাতের বর্তমান নিম্নতম মজুরির মেয়াদ চলতি নভেম্বরে শেষ হওয়ার কথা।


২০২৩ সালে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। এতে মজুরি বেড়েছিল ৫৬ শতাংশ।