নেতানিয়াহু আর এক মিনিটও প্রধানমন্ত্রী থাকার যোগ্য নন: আইজেনকট
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আর এক মিনিটের জন্যও সরকারপ্রধানের দায়িত্বে থাকার যোগ্য নন বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধী নেতা গাদি আইজেনকট। নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে নেতানিয়াহুর কার্যালয়কে ঘিরে নতুন তথ্য প্রকাশের পর রোববার (১৫ নভেম্বর) তাঁর বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন তিনি।
ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পাওয়া আইজেনকট নেতানিয়াহুর বিরুদ্ধে এমন কঠোর অবস্থান জানান। তাঁর এ মন্তব্যের কয়েক ঘণ্টা আগেই দুই নেতার প্রতিনিধিরা জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনার জন্য বৈঠকে বসেছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইজেনকট লেখেন, ‘বিদায়ী প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তাঁর ঘনিষ্ঠ মহলের কর্মকাণ্ড ইসরায়েলের গণতন্ত্রের জন্য বাস্তব, সরাসরি ও তাৎক্ষণিক হুমকি তৈরি করেছে।’
এর আগে রোববার (১৫ নভেম্বর) ইসরায়েলি সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২ একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে বলা হয়, গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত ইসরায়েলি পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে নেতানিয়াহুর চিফ অব স্টাফ ইদো নর্ডেন ইউনাইটেড আরব লিস্ট (রাআম) দলের কয়েকজন সদস্যের বিরুদ্ধে পুলিশ কমিশনারের কার্যালয়ে অভিযোগ করেছিলেন।