নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যক্রম প্রচার করা যাবে না: তথ্য প্রতিমন্ত্রী
গণমাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনগুলোর কোনো কার্যক্রম প্রচার করা যাবে না বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে সচিবালয়ে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, যারা আগুন-সন্ত্রাস করছে এবং গণহত্যার পর পালিয়ে গেছেন, তাঁদের সংবাদ প্রচার জনগণ ভালোভাবে দেখবে না।
তিনি আরও বলেন, সরকার বাক্স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। কোনো সংবাদ প্রচারের জন্য সরকার কখনো চাপ দেয়নি। কোনো সংস্থাও কোনো সংবাদ প্রত্যাহারের জন্য চাপ দেয়নি।
ইয়াসের খান চৌধুরী বলেন, গত ১৭ বছরে অনেক গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে। সাংবাদিকদের গুম ও তুলে নেওয়া হয়েছে। তবে বর্তমান সরকার এ ধরনের কোনো কাজ করবে না। তাঁর আহ্বান, গণমাধ্যম যেন ফ্যাসিবাদকে প্রশ্রয় না দেয়।
এ সময় তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার জনগণের ভোটাধিকার নিশ্চিত করেছে। এ ক্ষেত্রে অনলাইন গণমাধ্যম যে ভূমিকা রেখেছে, তা সরকার সব সময় অব্যাহত দেখতে চায়।