নোয়াখালীর নিঝুম দ্বীপে গলা কেটে নারীকে হত্যা, মরদেহ উদ্ধার পুকুরে
নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপে আমেনা বেগম (৫০) নামের এক নারীকে গলা কেটে হত্যার পর তার মরদেহ একটি পুকুরে ফেলে দেওয়া হয়েছে। বুধবার (২৮ মে) রাতে নিঝুম দ্বীপের শতফুল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আমেনা বেগম ওই গ্রামের শুঁটকি ব্যবসায়ী মো. এমরান উদ্দিনের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় এমরান বাড়ি এসে স্ত্রীকে নামাজ পড়তে দেখে বাইরে চলে যান। রাত ৯টা ৪৫ মিনিটের দিকে তিনি ফিরে এসে দেখেন, ঘরের দরজা খোলা এবং স্ত্রী নিখোঁজ। ঘরের মেঝেতে রক্ত পড়ে থাকতে দেখে স্থানীয়দের জানান। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় তার গলাকাটা মরদেহ দেখতে পান।
পুলিশ জানিয়েছে, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।
নিঝুম দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল মান্নান বলেন, “আমেনা বেগমকে ঘরে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে দেওয়া হয়েছে।”
হাতিয়া থানার ওসি এ কে এম আজমল হুদা বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।