ট্রাম্পের শুল্ক স্থগিতাদেশে বিশ্ববাজারে স্বর্ণের দাম নিম্নমুখী
মার্কিন আদালত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমদানি শুল্ক আরোপের সিদ্ধান্তে স্থগিতাদেশ দেওয়ার পর বিশ্ববাজারে স্বর্ণের দাম কমে গেছে। বৃহস্পতিবার (২৯ মে) স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ০.৭ শতাংশ কমে দাঁড়ায় ৩,২৬৮ ডলারে, যা গত ২০ দিনের মধ্যে সর্বনিম্ন। একই সময়ে ফিউচার মার্কেটে দাম দাঁড়িয়েছে ৩,২৬২ ডলার প্রতি আউন্স।
বিশ্লেষকরা জানান, আদালতের এই সিদ্ধান্তে ডলারের মান বেড়েছে, ফলে বিনিয়োগকারীদের কাছে নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ কমে গেছে। এবিসি রিফাইনারির বাজার বিভাগের প্রধান নিকোলাস ফ্র্যাপেল বলেন, “এই খবরটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। ডলারের শক্তিশালী অবস্থানই মূলত স্বর্ণের দাম হ্রাসে ভূমিকা রেখেছে।”
বাজার এখন ট্রাম্প প্রশাসনের আপিলের দিকেই নজর রাখছে। একইসঙ্গে বিনিয়োগকারীরা ফেডারেল রিজার্ভের পরবর্তী নীতিনির্ধারণী পদক্ষেপ ও বৈশ্বিক মুদ্রানীতির পরিবর্তনের দিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে, যা স্বর্ণের ভবিষ্যৎ মূল্য নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে।
উল্লেখ্য, একদিন আগেই (২৮ মে) মার্কিন আদালত ট্রাম্পের বিভিন্ন দেশের ওপর আরোপ করা পাল্টা শুল্ক স্থগিত করেন। আদালতের রায়ে বলা হয়, প্রেসিডেন্ট তাঁর ক্ষমতার সীমা লঙ্ঘন করেছেন। মামলাগুলো যুক্তরাষ্ট্রের কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠান ও ১৩টি অঙ্গরাজ্যের পক্ষ থেকে দায়ের করা হয়েছিল।
ট্রাম্প প্রশাসন আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে। তবে হোয়াইট হাউস এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।