কাঁঠালবাগানে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, দগ্ধ ৫
রাজধানীর কাঁঠালবাগানে একটি আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন লাগার ঘটনায় অন্তত পাঁচজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে এক শিশুসহ তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কাঁঠালবাগান এলাকার ১০ তলা আবাসিক ভবন কাঞ্চন টাওয়ারের চতুর্থ তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দগ্ধ তিনজনকে হাসপাতালে নেওয়া হয়।
প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধানে বিস্তারিত তদন্তের প্রয়োজন রয়েছে।