ইউসিবিএলের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচার মামলায় জাবেদের ১৫ বছরের কারাদণ্ড
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চট্টগ্রামের বিভাগীয় স্পেশাল জজ আদালত এ রায় ঘোষণা করেন।
মামলার ৩৬ আসামির মধ্যে ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তদের মধ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের স্ত্রী ও ব্যাংকটির সাবেক চেয়ারম্যান রুখমিলা জামান, ব্যাংকের সাবেক পরিচালক এবং কর্মকর্তারাও রয়েছেন।
অন্য ১৯ আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ না পাওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে।
দুদকের করা মামলাটির যুক্তিতর্ক শেষে বৃহস্পতিবার রায়ের দিন ধার্য ছিল। মামলায় মোট ৫৬ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।
মামলার অভিযোগপত্র অনুযায়ী, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান আরামিট গ্রুপের প্রটোকল অফিসার মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরীকে নামসর্বস্ব প্রতিষ্ঠান ভিশন ট্রেডিংয়ের মালিক দেখিয়ে ইউসিবিএল থেকে ২৫ কোটি টাকার ঋণ অনুমোদন নেওয়া হয়।
পরে ওই অর্থ জাবেদ তার কর্মচারীদের মাধ্যমে উত্তোলন করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করেন এবং বিদেশে সম্পদ কেনার কাজে ব্যবহার করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তদন্তে উঠে আসে, ২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারির মধ্যে এ ঘটনা ঘটে।