সোমবার , ১৭ আগস্ট ২০২৬
সোমবার , ১৭ আগস্ট ২০২৬
হোমসারা দেশঈদের দিনও বৃষ্টির সম্ভাবনা, নিশ্চিত হতে হবে তিন দিন আগে

ঈদের দিনও বৃষ্টির সম্ভাবনা, নিশ্চিত হতে হবে তিন দিন আগে

favicon
ভোরের আলো ডেস্ক:
ঈদের দিনও বৃষ্টির সম্ভাবনা, নিশ্চিত হতে হবে তিন দিন আগে

ঈদুল আজহার আগে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা অথবা থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের আটটি বিভাগেই প্রায় একই ধরনের আবহাওয়া বিরাজ করছে।


এই বৃষ্টি এমন সময় দেখা দিয়েছে, যখন কোরবানির ঈদ উদযাপনের জন্য অনেক মানুষ গ্রামে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সরকারি ছুটি শুরু হলেই ঢাকাসহ দেশের নানা প্রান্তের মানুষ নিজ নিজ জেলায় ফিরবেন। অনেকের পরিবার-পরিজন ইতোমধ্যেই রওনা দিয়েছেন। কেউ কেউ শেষ মুহূর্তের ঈদের কেনাকাটায় ব্যস্ত, আবার কেউবা কোরবানির পশুর হাটে যাচ্ছেন উপযুক্ত পশু কিনতে।


গত ২৭ মে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়, যার প্রভাবেই দেশজুড়ে বৃষ্টি হচ্ছে। এই লঘুচাপ ঘূর্ণিঝড়ে পরিণত না হয়ে গভীর নিম্নচাপে রূপ নেয় এবং গত বৃহস্পতিবার রাতে তা উপকূল অতিক্রম করে।


আজ শনিবার (৩১ মে) দুপুরে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, বর্তমানে দেশে নতুন কোনো ঘূর্ণিঝড় বা লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা নেই। তবে সক্রিয় মৌসুমি বায়ুর কারণে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি অব্যাহত থাকবে।


ঢাকায় আজ সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আগামীকালও ঢাকা, সিলেট, বরিশাল, খুলনা ও চট্টগ্রামের বিভিন্ন জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।


তিনি জানান, আগামী ২ জুনের দিকে বৃষ্টিপাত কিছুটা কমে আসবে, তবে পুরোপুরি বন্ধ হবে না। সপ্তাহজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে পারে। রাজশাহী ও রংপুর বিভাগে তুলনামূলক কম বৃষ্টিপাত হবে।


ঈদের দিনেও সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে আরও নির্দিষ্ট পূর্বাভাস পেতে তিন দিন অপেক্ষা করতে হবে।


আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে দেশের বিভিন্ন স্থানে ভ্যাপসা গরম অনুভূত হবে। ২ জুনের পর থেকে গরম কিছুটা বাড়তে পারে এবং ৭ জুনের পর তাপমাত্রা ৩২ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করতে পারে।


আজ শনিবার সকাল ৯টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে কিছু কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।