ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি: ইসরায়েলে দুই তরুণ গ্রেফতার
সম্প্রতি রয় মিরাজহি ও আলমগ আটিলাস নামের দুই ইসরায়েলি তরুণকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি করছিলেন।
ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট-এর প্রতিবেদনে বলা হয়, এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি অনলাইনে তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে। পরে মোটা অঙ্কের টাকার বিনিময়ে দেওয়া হয় একের পর এক ছোট ছোট কাজের নির্দেশনা। এসব কাজের মধ্যে ছিল গোপনে ছবি তোলা ও নজরদারি। চূড়ান্ত নির্দেশনা ছিল—ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজের বাসভবনের সামনে স্পাই ক্যামেরা বসানো। দেশটির প্রতিরক্ষা বিভাগ জানায়, এর মূল লক্ষ্য ছিল প্রতিরক্ষা মন্ত্রীকে হত্যা করা।
এই ঘটনা কোনো বিচ্ছিন্ন বিষয় নয়। ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেইত জানিয়েছে, গত এক বছরে তারা এমন অন্তত ২০টি ঘটনার তদন্ত করেছে। সংস্থাটির দাবি, ইরানি গোয়েন্দা সংস্থাগুলো সামাজিক যোগাযোগমাধ্যম—যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম ও ইনস্টাগ্রামের মাধ্যমে ইসরায়েলি নাগরিকদের সঙ্গে যোগাযোগ করে। এরপর সহজ কাজের বিনিময়ে অর্থের লোভ দেখানো হয়। এসব কাজের মধ্যে থাকে নির্দিষ্ট স্থান বা ব্যক্তির ছবি তোলা, কোথাও গ্রাফিতি আঁকা ইত্যাদি।
শিন বেইতের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে ইসরায়েলে ইরানি গুপ্তচরবৃত্তির ঘটনা প্রায় ৪০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল