সোমবার , ১৭ আগস্ট ২০২৬
সোমবার , ১৭ আগস্ট ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসাবাজেটে মধ্যবিত্তের ঘাড়ে বাড়তি চাপ, পণ্যের দামও বাড়ছে

বাজেটে মধ্যবিত্তের ঘাড়ে বাড়তি চাপ, পণ্যের দামও বাড়ছে

favicon
ভোরের আলো ডেস্ক:
বাজেটে মধ্যবিত্তের ঘাড়ে বাড়তি চাপ, পণ্যের দামও বাড়ছে


খেলনা কিনতে গুনতে হবে বাড়তি টাকা, মশা-মাছি তাড়াতে খরচ বাড়বে, ফ্রিজ-টিভির মতো গৃহস্থালি পণ্যও হবে ব্যয়বহুল। আসছে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের জন্য থাকছে না বড় কোনো স্বস্তির খবর। বরং কর কাঠামোর পরিবর্তন ও রাজস্ব বৃদ্ধির উদ্যোগ তাদের ওপর আর্থিক চাপ বাড়াতে পারে।

কর কাঠামো পরিবর্তন: বাড়ছে করের হার

প্রস্তাবিত বাজেটে করমুক্ত আয়সীমা ২৫ হাজার টাকা বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা নির্ধারণ করা হলেও, প্রথম স্ল্যাবেই করহার দ্বিগুণ করে ১০ শতাংশ করার প্রস্তাব রাখা হয়েছে। ফলে যাঁরা এত দিন ৫ শতাংশ হারে কর দিতেন, তাঁদের আয় বাড়বে না, কিন্তু করের বোঝা দ্বিগুণ হবে।

জীবনযাত্রায় ব্যয় বাড়াবে বাজেটের বিভিন্ন ধারা

এলইডি বাতি, খেলনা, পোকা দমনের সামগ্রী, ব্লেন্ডার, ফ্রিজ, এসি, মোবাইল ফোনসহ বেশ কিছু প্রয়োজনীয় পণ্যের ওপর ভ্যাট ও শুল্ক বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। বাড়ি নির্মাণে ব্যবহৃত কাঁচামাল যেমন রড, সিমেন্ট, টাইলসেও কর বাড়ার ফলে বাড়ি নির্মাণের খরচ বাড়বে। ফলে মধ্যবিত্তের ভবিষ্যতের স্বপ্নও কঠিন হয়ে উঠবে।

স্বস্তির খবরও কিছু আছে

কিছু ক্ষেত্রে কর ও শুল্ক কমানোর প্রস্তাব থাকলেও তার প্রভাব বাজারে কতটা পড়বে, তা নিয়ে সংশয় রয়েছে। চিনির শুল্কায়ন মূল্য কমানো, সঞ্চয়পত্র কেনার নিয়ম সহজ করা এবং খাদ্যপণ্যের আমদানিতে উৎস কর কমানোর উদ্যোগ কিছুটা স্বস্তি দিতে পারে।

সামাজিক নিরাপত্তায় বরাদ্দ বাড়ছে

নতুন বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নতুনভাবে ছয় লাখ ২৪ হাজার মানুষকে অন্তর্ভুক্ত করা হচ্ছে এবং বিভিন্ন ভাতা সর্বনিম্ন ৫০ থেকে ১০০ টাকা বাড়ানো হচ্ছে। তবে এটি গতবারের তুলনায় কম, যা বাস্তবে প্রভাব ফেলবে কিনা, তা নিয়েও প্রশ্ন উঠছে।

অর্থনীতিবিদদের পরামর্শ

অর্থনীতিবিদদের মতে, এই বাজেটে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণিকে মূল্যস্ফীতির চাপে কিছুটা স্বস্তি দিতে হলে লক্ষ্যভিত্তিক সহায়তা, নিত্যপণ্যে ভর্তুকি এবং ধনীদের ওপর প্রগতিশীল কর আরোপ জরুরি। ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ এবং নগদ সহায়তা কার্যক্রম জোরদার করাও সময়োপযোগী হবে।