শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
হোমবিনোদনসিনেমা নয়, আপাতত ওটিটিতেই মনোযোগী তানজিন তিশা

সিনেমা নয়, আপাতত ওটিটিতেই মনোযোগী তানজিন তিশা

favicon
ভোরের আলো ডেস্ক:
সিনেমা নয়, আপাতত ওটিটিতেই মনোযোগী তানজিন তিশা
তানজিন তিশা। ছবি: সংগৃহীত

নাট্যাঙ্গনের জনপ্রিয় মুখ তানজিন তিশা ইদানীং টেলিভিশন নাটকে কিছুটা অনুপস্থিত হলেও ওটিটি প্ল্যাটফর্মে হয়ে উঠেছেন বেশ সক্রিয়। বিশেষ দিবসের নাটকে সীমিত উপস্থিতি থাকলেও তার অধিক মনোযোগ এখন ওটিটি কনটেন্টে। সম্প্রতি তার অভিনীত ‘ঘুমপরী’ ওয়েব ফিল্মটি প্রশংসিত হয় এবং এই কাজের জন্য তিনি পেয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার।

এই পুরস্কার প্রসঙ্গে তিশা বলেন, ‘এটি আমার ক্যারিয়ারের অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ। দীর্ঘদিন আগে কাজটি প্রচার হলেও এখনো চরিত্রটির প্রভাব আমার মধ্যে রয়ে গেছে।’

দীর্ঘ বিরতির পর এবার আবারও নতুন একটি ওয়েব ফিল্মে হাজির হচ্ছেন তিনি। মাহমুদুর রহমান হিমির পরিচালনায় ‘হাইড এন সিক’ নামের এই থ্রিলারধর্মী কনটেন্টে তানজিন তিশা অভিনয় করছেন নাদিয়া নামের এক বিনোদন সাংবাদিকের চরিত্রে।

গল্পে দেখা যাবে, এক জনপ্রিয় ফিল্মস্টারের বিয়ের দিনে রহস্যজনকভাবে দুর্ঘটনার শিকার হয় রাশা নামের এক তরুণী। চারদিকে ছড়িয়ে পড়ে সে আত্মহত্যা করতে চেয়েছিল, কারণ তার সঙ্গে সেই স্টারের সম্পর্ক ছিল। এই বিষয় নিয়ে সাংবাদিক নাদিয়া অনুসন্ধান শুরু করতেই ঘটতে থাকে নাটকীয় সব ঘটনা। হুমকি পান নাদিয়া, প্রাণে বেঁচে যান রাশা, কিন্তু মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে হয় সাংবাদিককেও।

তিশা বলেন, ‘এটি একটি টুইস্টে ভরপুর গল্প। দর্শক শেষ দৃশ্য না দেখা পর্যন্ত চোখ সরাতে পারবেন না বলে আমি বিশ্বাস করি। আমি এই কাজটি নিয়ে ভীষণ আশাবাদী।’

কম কাজ করার বিষয়ে তিশা জানান, ‘গড়পরতা অনেক কাজ না করে বেছে বেছে ভালো গল্প আর চরিত্রে কাজ করাই আমার লক্ষ্য। নিজেকে ভেঙে নতুন করে গড়ার চেষ্টা করছি প্রতিটি চরিত্রে। দর্শকও তার সাড়া দিচ্ছেন।’

পরিচালক মাহমুদুর রহমান হিমি বলেন, ‘এটি একটি সামাজিক থ্রিলার। এমন একটি বিষয় তুলে ধরা হয়েছে যা সমাজে ঘটে কিন্তু মুখে প্রকাশ পায় না। আমরা এই ট্যাবু ভাঙতে চাই।’

ওয়েব ফিল্মটি ঈদ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে-তে মুক্তি পাবে। এছাড়া ঈদের জন্য কয়েকটি নাটকেও কাজ করেছেন তিশা।

তিনি জানান, ‘এই ঈদের জন্য আগে থেকেই পরিকল্পনা করে কিছু মানসম্মত নাটকে কাজ করেছি। গল্প ও চরিত্র ভালো বলেই তাতে যুক্ত হয়েছি।’

প্রসঙ্গত, টেলিভিশন নাটক ও ওটিটি প্ল্যাটফর্মে নিয়মিত অভিনয় করলেও এখনো বড় পর্দায় তিশার উপস্থিতি দেখা যায়নি। তবে তার অনুরাগীরা আশায় রয়েছেন, খুব শিগগিরই হয়তো তাকে সিনেমায়ও দেখা যাবে।