আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১ জুন (রোববার) ২০২5 সালে জুলাই-আগস্ট গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। বাকি দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
অভিযোগপত্রে শেখ হাসিনাকে গণহত্যার নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। অভিযোগ দাখিলের শুনানি ট্রাইব্যুনালের অফিসিয়াল ফেসবুক পেইজে সরাসরি সম্প্রচার করা হয়।
চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম শুনানিতে বলেন, “এ বিচার কোনো প্রতিশোধ নয়; এটি ভবিষ্যতের জন্য একটি প্রতিজ্ঞা। আদালত একটি সময়ের সাক্ষ্য বহন করছে, যা ইতিহাসে দলিল হয়ে থাকবে। আমরা চাই এই বিচার হোক নিরপেক্ষ, প্রমাণনির্ভর এবং ন্যায়ভিত্তিক।”
প্রসিকিউশনের পক্ষে আদালতে উপস্থাপনের জন্য বিভিন্ন সাক্ষ্যপ্রমাণ প্রস্তুত রয়েছে বলে জানান তাজুল ইসলাম। এর মধ্যে রয়েছে:
প্রত্যক্ষদর্শী ও জীবিত ভিকটিমদের সাক্ষ্য ভিডিও,
ড্রোন ও সিসিটিভি ফুটেজ,
আসামিদের কথোপকথনের অডিও কল রেকর্ড,
ফরেনসিকভাবে বিশ্লেষণ করা ডিজিটাল প্রমাণাদি,
আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি,
গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচারিত ছবি, ভিডিও এবং তথ্যচিত্র।
এই অভিযোগ ও বিচারিক প্রক্রিয়া নিয়ে দেশ-বিদেশে ব্যাপক আলোচনা চলছে, যা বাংলাদেশের রাজনৈতিক ও বিচার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠতে পারে।