কেটামাইন সেবনের অভিযোগ অস্বীকার মাস্কের, ‘চোখের দাগ ছেলের ঘুষিতে’
সম্প্রতি নিউ ইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, টেসলা ও এক্স (পূর্বে টুইটার)-এর সিইও ইলন মাস্ক নিয়মিত কেটামাইনসহ প্রায় ২০ ধরনের ওষুধ ব্যবহার করেন। পত্রিকাটির দাবি, মাস্ক প্রায় প্রতিদিন কেটামাইন সেবন করেন, যার প্রভাব তার মূত্রাশয়ের ওপরও পড়েছে।
তবে এ বিষয়ে সরাসরি প্রতিক্রিয়া দিয়েছেন মাস্ক নিজেই। এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “আমি মাদক সেবন করি না। নিউ ইয়র্ক টাইমস মিথ্যা বলছে।”
তিনি আরও বলেন, “আমি কয়েক বছর আগে প্রেসক্রিপশন অনুযায়ী কেটামাইন ব্যবহার করেছিলাম এবং সেটা তখনই এক্সে জানিয়েছিলাম। এটি কোনো নতুন তথ্য নয়। ওই সময় মানসিক অন্ধকার থেকে বের হতে কেটামাইন সহায়ক হয়েছিল, কিন্তু এরপর আর কখনও এটি গ্রহণ করিনি।”
তবে বিতর্ক আরও তীব্র হয় যখন হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে মাস্কের চোখে কালশিটে দাগ দেখা যায়। এ সময় তিনি যুক্তরাষ্ট্র সরকারের একটি ব্যয়-সাশ্রয় প্রকল্প থেকে পদত্যাগের সিদ্ধান্তও ঘোষণা করেন। সংবাদকর্মীরা মাদকসংক্রান্ত প্রশ্ন করলে মাস্ক তা এড়িয়ে যান। চোখের কালশিটে দাগের পেছনে মাদক নয়, বরং একটি পারিবারিক ঘটনা রয়েছে বলে দাবি করেন তিনি।
মাস্ক বলেন, “আমি আমার ছেলে এক্স-কে বলেছিলাম আমাকে ঘুষি মারতে, সে ঘুষি দিয়েছে। পাঁচ বছরের ছেলের ঘুষিতে এই দাগ হয়েছে।”
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনটিতে মাস্কের অতীতের কিছু ‘অদ্ভুত’ আচরণ নিয়েও কথা বলা হয়েছে। যেমন— জনসমক্ষে নাৎসি ধাঁচের স্যালুট এবং অপ্রত্যাশিত মন্তব্য।
ঘন ঘন বিতর্কিত মন্তব্য ও কর্মকাণ্ডের জন্য ইলন মাস্ক গণমাধ্যমের আলোচনার কেন্দ্রে থাকেন। তবে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, মাদক সেবনের অভিযোগ ভিত্তিহীন এবং এসবের উদ্দেশ্য তার ভাবমূর্তি নষ্ট করা।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া