‘তথ্য আপা’ কর্মীদের যমুনা অভিমুখী মিছিলে পুলিশের বাধা, অবস্থান কর্মসূচি প্রেস ক্লাবের সামনে
‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীদের যমুনা অভিমুখী মিছিলে বাধা দিয়েছে পুলিশ। রোববার (১ জুন) সকালে জাতীয় প্রেস ক্লাব থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাত্রা শুরু করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ‘তথ্য আপা’ প্রকল্পের শতাধিক কর্মী।
তবে মিছিলটি প্রধান বিচারপতির বাসভবনের সামনে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়। বাধা পেয়ে কর্মীরা ওই স্থানেই অবস্থান নেন।
এর আগে ২৮ মে থেকে কর্মীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন শুরু করেন। প্রথমে চার দফা দাবিতে আন্দোলন শুরু করলেও বর্তমানে তারা দুই দফা দাবি তুলে ধরছেন।
আন্দোলনকারীদের প্রধান দুই দাবি:
‘তথ্য আপা’ প্রকল্পে কর্মরত সকল জনবলকে সমগ্রেডে পদ সৃজন করে রাজস্ব খাতে স্থানান্তর।
পূর্বে কর্তনকৃত বেতন ও ভাতা দ্রুত সময়ের মধ্যে পরিশোধ।
অনশনরত কর্মীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কাজ করলেও তাদের চাকরি স্থায়ী করা হয়নি এবং বেতন ভাতা নিয়মিত পাওয়া যাচ্ছে না। তারা বলেন, “আমাদের সেবা গ্রামের নারী-শিশুদের জন্য, অথচ আমরা নিজেরাই মানবেতর জীবনযাপন করছি।”
আন্দোলনকারীরা দ্রুত দাবি আদায়ে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ দাবি করেছেন।
সরকারি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।