সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
হোম › অর্থনীতি-ব্যবসা › অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট আজ

অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট আজ

favicon
ভোরের আলো ডেস্ক:
অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট আজ

আজ সোমবার (২ জুন) বিকেল ৩টায় দেশের ৫৪তম বাজেট উপস্থাপন করবেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। এটি বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট।

বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা। এটি চলতি ২০২৪-২৫ অর্থবছরের ঘোষিত বাজেটের তুলনায় ৭ হাজার কোটি টাকা কম হলেও সংশোধিত বাজেটের তুলনায় ৪৬ হাজার কোটি টাকা বেশি।

উন্নয়ন ব্যয় বা বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) চূড়ান্ত হয়েছে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা, যা আগের অর্থবছরের তুলনায় কিছুটা কম। এনবিআরকে ৫ লাখ ১৮ হাজার কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া কর বহির্ভূত রাজস্ব থেকে ৪৬ হাজার কোটি টাকা আদায়ের লক্ষ্যও থাকছে বাজেটে।

২০২৫-২৬ অর্থবছরে বাজেট ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা, যা পূরণে ব্যাংক খাত ছাড়াও দেশি ও বিদেশি ঋণ নির্ভর করবে সরকার।

জানা গেছে, এবারের বাজেটে কর ব্যবস্থায় আসছে বড় পরিবর্তন। ২০২৬-২৭ অর্থবছর থেকে ব্যক্তিগত করমুক্ত আয়সীমা কিছুটা বাড়ানো হবে। মুক্তিযোদ্ধা নিবন্ধিতদের জন্য কর ছাড় আরও বাড়তে পারে।

পণ্যের দামের ক্ষেত্রেও পরিবর্তন আসতে পারে। ইলেকট্রনিক পণ্য, মোবাইল ফোন, ফ্রিজ, এসি, সাবান ও শ্যাম্পুর দাম বাড়তে পারে। অন্যদিকে, অপরিশোধিত তেল, চিনি, টায়ার, টিউব, ব্রেক সু, বাস ও মাইক্রোবাসের দাম কমার সম্ভাবনা রয়েছে।

চালু ও নন-এডিপি খাতে বরাদ্দ রাখা হচ্ছে প্রায় ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা।

জাতীয় সংসদ না থাকায় এবার বাজেট পেশের ধরনও ভিন্ন। সংসদে উপস্থাপনের পরিবর্তে ড. সালেহ উদ্দিন আহমেদের পূর্বে রেকর্ডকৃত বাজেট ভাষণ আজ বিকেল ৩টায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে সম্প্রচার করা হবে। একই সঙ্গে বেসরকারি টেলিভিশন ও রেডিওগুলোকে বিটিভির ফিড নিয়ে একযোগে সম্প্রচারের অনুরোধ জানানো হয়েছে।

সংসদ না থাকায় বাজেট নিয়ে আলোচনা বা বিতর্কের সুযোগ থাকছে না। তবে বাজেট ঘোষণার পর নাগরিকদের কাছ থেকে মতামত নেওয়া হবে। প্রাপ্ত মতামতের ভিত্তিতে বাজেটের কিছু অংশে সংশোধন আনা হতে পারে।

চূড়ান্ত বাজেট আগামী ২৩ জুনের পর উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদিত হয়ে রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে ১ জুলাই থেকে কার্যকর হবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।