নরসিংদীতে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগে রাইড শেয়ার চালক গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি
নরসিংদী: রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে তুলে নারী যাত্রীকে নরসিংদীতে নিয়ে ধর্ষণের অভিযোগে চালক শাহপরানকে গ্রেফতার করেছে পুলিশ। আদালতে হাজির করা হলে, ধর্ষণের ঘটনা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন তিনি।
শনিবার (৩১ মে) গভীর রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে শাহপরানকে গ্রেফতার করে নরসিংদীর পলাশ থানা পুলিশ। রবিবার (১ জুন) তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালতে ধর্ষণের দায় স্বীকার করেন। শাহপরান (৩০) ঢাকার কেরানীগঞ্জ থানার তারানগর বটতলী দক্ষিণ পাড়ার বাসিন্দা এবং আব্দুল আলীর ছেলে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন জানান, ২৮ মে বিকেলে রাজধানীর মিরপুর-১২ এলাকা থেকে শ্যামলীতে চিকিৎসকের কাছে যাওয়ার উদ্দেশ্যে রাইড শেয়ারিং মোটরসাইকেলে ওঠেন ওই নারী। কিন্তু চালক গন্তব্যে না নিয়ে তাকে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার পাঁচদোনা-টঙ্গী আঞ্চলিক মহাসড়কের পাশে একটি নির্জন স্থানে নিয়ে যান। সেখানে তিনি ওই নারীকে ধর্ষণ করেন।
ধর্ষণের পর চালক ভুক্তভোগীর কাছ থেকে নগদ অর্থ ছিনিয়ে নেন এবং হত্যার হুমকি দিয়ে বিকাশের মাধ্যমে তার স্বজনদের কাছ থেকেও টাকা আদায় করেন।
খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পলাশ থানা পুলিশ ভুক্তভোগী নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ২৯ মে নারীটি নিজে বাদী হয়ে শাহপরানকে প্রধান আসামি করে এবং অজ্ঞাত আরও দুই সহযোগীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, পুলিশ সুপার মো. আব্দুল হান্নানের নির্দেশে ঘটনার পর থেকে পুলিশের বিভিন্ন ইউনিট সাঁড়াশি অভিযান চালায়। তারই অংশ হিসেবে কেরানীগঞ্জ থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় পুলিশ বলছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং পলাতক অন্য সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে।