সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
হোম › জাতীয় › বাংলাদেশ ব্যাংকের নতুন ছয় নোটের ছবি প্রকাশ, থাকছে ইতিহাস-ঐতিহ্যের ছাপ

বাংলাদেশ ব্যাংকের নতুন ছয় নোটের ছবি প্রকাশ, থাকছে ইতিহাস-ঐতিহ্যের ছাপ

favicon
ভোরের আলো ডেস্ক:
বাংলাদেশ ব্যাংকের নতুন ছয় নোটের ছবি প্রকাশ, থাকছে ইতিহাস-ঐতিহ্যের ছাপ

ঢাকা: ছয়টি নতুন নোটের ছবি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এসব নতুন নোটে বাংলাদেশের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও প্রাকৃতিক বৈচিত্র্যকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। নতুন ডিজাইনের এই নোটগুলোতে রয়েছে উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য এবং বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর আহসান হাবিব মনসুরের স্বাক্ষর।

নতুন প্রকাশিত ছয়টি নোটের মধ্যে রয়েছে—৫০০, ২০০, ১০০ ও ১০ টাকা মূল্যমানের ব্যাংক নোট এবং ৫ ও ২ টাকা মূল্যমানের কারেন্সি নোট। তবে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, পুরোনো নোটও আগের মতোই বৈধ এবং চলমান থাকবে।

এর আগে ১০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোটও সীমিত পরিসরে বাজারে ছাড়া হয়। রোববার (১ জুন) ব্যাংকগুলোতে সরবরাহ করা হয় নতুন নোট, যা সোমবার (২ জুন) থেকে সীমিত আকারে গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। তবে ঈদের আগের সময় হওয়ায় রাজধানী ছাড়া অন্যান্য জেলা শহরে এই নোট মিলবে না বলেই জানিয়েছে কর্তৃপক্ষ।
নতুন ছয়টি নোটে যা থাকছে:

    ৫০০ টাকার নোট: সামনে বাম পাশে কেন্দ্রীয় শহীদ মিনার এবং মাঝখানে শাপলার ছবি। পেছনে রয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি। সবুজ রঙের এই নোটে রয়েছে উন্নত সিকিউরিটি ফিচার।

    ২০০ টাকার নোট: সামনে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘অপরাজেয় বাংলা’ ভাস্কর্য এবং শাপলার ছবি। পেছনে রয়েছে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় আঁকা ছাত্রদের একটি গ্রাফিতি। নোটটি হলুদ রঙের।

    ১০০ টাকার নোট: সামনে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ এবং পেছনে সুন্দরবনের দৃশ্য। নীল রঙের এই নোটেও রয়েছে শাপলার প্রতীক।

    ১০ টাকার নোট: সামনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ছবি, আর পেছনে গণআন্দোলনের সময় আঁকা গ্রাফিতি। গোলাপি রঙের এই নোটে ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে।

    ৫ টাকার নোট: সামনে রয়েছে পুরান ঢাকার তারা মসজিদ এবং পেছনে গণঅভ্যুত্থানের সময়কার গ্রাফিতি। এটি গোলাপি রঙের।

    ২ টাকার নোট: সামনে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং পেছনে রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধের ছবি। হালকা সবুজ রঙের এই নোটে ফুটে উঠেছে মুক্তিযুদ্ধের চেতনা।

প্রতিটি নোটে যুক্ত করা হয়েছে জলছাপে রয়েল বেঙ্গল টাইগারের প্রতিকৃতি, নিরাপত্তা বৈশিষ্ট্য হিসেবে মূল্যমানের হোলোগ্রাফিক চিহ্ন এবং সরকারের মনোগ্রাম।

নতুন এই নোটগুলো বাজারে আনার মাধ্যমে বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও গৌরবময় অতীতকে সাধারণ মানুষের নিকট আরও কাছে নিয়ে যেতে চায় কেন্দ্রীয় ব্যাংক।