সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
হোম › অর্থনীতি-ব্যবসা › অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট উপস্থাপন করবেন ড. সালেহ উদ্দিন

অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট উপস্থাপন করবেন ড. সালেহ উদ্দিন

favicon
ভোরের আলো ডেস্ক:
অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট উপস্থাপন করবেন ড. সালেহ উদ্দিন


অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। এটি দেশের ৫৪তম জাতীয় বাজেট। আজ সোমবার (২ জুন) বিকেল ৩টায় এই বাজেট উপস্থাপন করা হবে।


২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা, যা চলতি অর্থবছরের ঘোষিত বাজেটের তুলনায় ৭ হাজার কোটি টাকা কম হলেও সংশোধিত বাজেটের তুলনায় ৪৬ হাজার কোটি টাকা বেশি।


উন্নয়ন ব্যয় (এডিপি) ধরা হয়েছে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা, যা গত বছরের তুলনায় কম। পরিচালন ও নন-এডিপি খাতে বরাদ্দ রাখা হচ্ছে ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা।


জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-কে ৫ লাখ ১৮ হাজার কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা দেওয়া হচ্ছে। কর বহির্ভূত খাত থেকে আরও ৪৬ হাজার কোটি টাকা আদায়ের পরিকল্পনা রয়েছে।


এই বাজেটে ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা, যা ব্যাংক খাত এবং দেশি-বিদেশি উৎস থেকে ঋণ নিয়ে পূরণ করা হবে।


কর ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনার ইঙ্গিত পাওয়া গেছে। ২০২৬-২৭ অর্থবছর থেকে ব্যক্তির করমুক্ত আয়সীমা কিছুটা বাড়ানো হবে। মুক্তিযোদ্ধাদের জন্য কর ছাড় আরও বাড়ানো হতে পারে।


নতুন বাজেটে কিছু পণ্যের দাম বাড়তে পারে—যেমন: ইলেকট্রনিক যন্ত্রপাতি, মোবাইল ফোন, ফ্রিজ, এয়ার কন্ডিশনার, সাবান ও শ্যাম্পু।

অন্যদিকে, অপরিশোধিত তেল, চিনি, টায়ার, টিউব, ব্রেক সু, বাস ও মাইক্রোবাসের দাম কমতে পারে।


জাতীয় সংসদ না থাকায় এবারের বাজেট বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতার ও অন্যান্য বেসরকারি টিভি-রেডিওতে একযোগে সম্প্রচার করা হবে।


অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, বাজেট ভাষণটি পূর্বে রেকর্ডকৃত এবং বিকেল ৪টার পরিবর্তে আজ বিকেল ৩টায় সম্প্রচারিত হবে। সব গণমাধ্যমকে বিটিভি থেকে ফিড নিয়ে একযোগে প্রচার করার অনুরোধ জানানো হয়েছে।


চলতি বছর সংসদ না থাকায় বাজেট নিয়ে আলোচনা বা বিতর্কের সুযোগ নেই। তবে বাজেট ঘোষণার পর সাধারণ নাগরিকদের মতামত নেওয়া হবে। সেসব মতামতের ভিত্তিতে বাজেট চূড়ান্ত করা হবে এবং ২৩ জুনের পর কোনো একদিন উপদেষ্টা পরিষদের বৈঠকে তা অনুমোদন নিয়ে রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে ১ জুলাই থেকে কার্যকর হবে।