ইসলামাবাদে জনপ্রিয় টিকটকার সানা ইউসুফকে গুলি করে হত্যা
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন জনপ্রিয় টিকটকার সানা ইউসুফ। সোমবার (২ জুন) ইসলামাবাদের জি-১৩ সেক্টরের সুম্বল থানার অন্তর্গত এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন এ তথ্য নিশ্চিত করেছে।
পুলিশ জানিয়েছে, ১৭ বছর বয়সী সানার নিজ বাসভবনে ঢুকে একজন অজ্ঞাত ব্যক্তি খুব কাছ থেকে গুলি ছোড়ে। কয়েক রাউন্ড গুলির পর হামলাকারী দ্রুত পালিয়ে যায়। গুরুতর অবস্থায় সানাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সানার মরদেহ বর্তমানে ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস)-এ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। প্রাথমিকভাবে তদন্তকারীদের ধারণা, এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড।
ইসলামাবাদের চিত্রাল এলাকার বাসিন্দা সানা ইউসুফ অল্প বয়সেই টিকটকে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন। তার কনটেন্টে ফ্যাশন, লিপ-সিঙ্ক, জীবনধারা এবং সামাজিক বার্তা স্থান পেতো। তরুণদের মধ্যে তিনি ছিলেন অত্যন্ত প্রভাবশালী অনলাইন ব্যক্তিত্ব।
সানার এই অকাল মৃত্যুতে ভক্ত, বন্ধু এবং সোশ্যাল মিডিয়া কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই সামাজিক মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন এবং অপরাধীর দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করছেন।
ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো আসামিকে শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। হত্যার পেছনে সুনির্দিষ্ট কোনো মোটিভও এখনও উদঘাটিত হয়নি।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে তরুণ কনটেন্ট ক্রিয়েটরদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।
মানবাধিকার সংগঠনগুলোও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। তারা নারীদের নিরাপত্তা এবং অনলাইন ইনফ্লুয়েন্সারদের সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানিয়েছে।