সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
হোম › অর্থনীতি-ব্যবসা › ভাতা বাড়ছে, নিত্যপণ্যের দাম কমার আশ্বাস বাজেটে

ভাতা বাড়ছে, নিত্যপণ্যের দাম কমার আশ্বাস বাজেটে

favicon
ভোরের আলো ডেস্ক:
ভাতা বাড়ছে, নিত্যপণ্যের দাম কমার আশ্বাস বাজেটে

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সামাজিক নিরাপত্তা জোরদারে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগের কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সোমবার (২ জুন) বাজেট উপস্থাপনকালে তিনি জানান, ভাতা বৃদ্ধিসহ নানা সহায়তা কর্মসূচি, কর রেহাই এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য খাদ্য ও চিকিৎসা সহায়তা জোরদার করার পরিকল্পনা রয়েছে এ বাজেটে।
নিত্যপণ্যের দাম কমাতে কর হ্রাস

অর্থ উপদেষ্টা জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে উৎস কর ১ শতাংশ থেকে কমিয়ে ০.০৫ শতাংশ করা হচ্ছে। ফলে ধান, গম, আলু, পেঁয়াজ, রসুন, ডাল, আটা, লবণ, চিনি, ভোজ্যতেল, মসলা ও ফলসহ একাধিক পণ্যের দাম কমার সম্ভাবনা রয়েছে। এতে স্বস্তি পাবেন ভোক্তারা।
ভাতা বাড়ছে, বাড়ছে সামাজিক সুরক্ষা

নতুন বাজেটে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা ও মাথাপিছু ভাতা বাড়ানোর প্রস্তাব এসেছে। বয়স্ক ভাতা ৬০০ টাকা থেকে ৬৫০ টাকা, বিধবা ভাতা ৫৫০ থেকে ৬৫০ টাকা, প্রতিবন্ধী ভাতা ৮৫০ থেকে ৯০০ টাকা, মা ও শিশু সহায়তা কর্মসূচির ভাতা ৮০০ থেকে ৮৫০ টাকা করা হয়েছে। অনগ্রসর জনগোষ্ঠীর ভাতা ৬৫০ টাকায় উন্নীত করার প্রস্তাব করা হয়েছে। এসব ভাতা বৃদ্ধির ফলে প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক সক্ষমতা বাড়বে।
স্মার্ট ফ্যামিলি কার্ড ও খাদ্য সহায়তা

টিসিবির মাধ্যমে ৫৭ লাখ পরিবারকে স্মার্ট ফ্যামিলি কার্ডে মসুর ডাল, সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হচ্ছে। আগামী অর্থবছরে খাদ্যবান্ধব কর্মসূচির মেয়াদ ৬ মাসে উন্নীত করার পাশাপাশি আরও ৫ লাখ নতুন পরিবারকে এ কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে।
স্বাস্থ্য ও যুব উন্নয়নে বরাদ্দ

স্বাস্থ্যখাতে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে চিকিৎসাসেবায় অতিরিক্ত ৪ হাজার ১৬৬ কোটি টাকা এবং সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে ১ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

তরুণদের জন্য আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে সফল যুব উদ্যোক্তাদের জন্য ঋণের সর্বোচ্চ সীমা ৫ লাখ টাকায় উন্নীত করা হয়েছে। এছাড়া ১০০ কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠনের ঘোষণা দিয়েছেন অর্থ উপদেষ্টা।
জনগণের প্রতিক্রিয়া

বাজেট ঘোষণার পর রাজধানীর লালবাগের বাসিন্দা শাহজাহান বলেন, “আমরা বাজেটের এত বিশাল অঙ্ক বুঝি না। আমাদের কাছে সবচেয়ে জরুরি হলো নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমবে কি-না। বাজেটে দাম কমার যে কথা বলা হয়েছে, সেটা যেন বাস্তবে দেখি।”

সামগ্রিকভাবে এবারের বাজেট সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে ইতিবাচক অঙ্গীকার দেখাচ্ছে বলে মনে করছেন অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা। এখন অপেক্ষা বাস্তবায়নের।