শনিবার , ১৫ আগস্ট ২০২৬
শনিবার , ১৫ আগস্ট ২০২৬
হোমবিশ্বশুল্ক উত্তেজনার মধ্যেই ট্রাম্প-শি ফোনালাপের সম্ভাবনা

শুল্ক উত্তেজনার মধ্যেই ট্রাম্প-শি ফোনালাপের সম্ভাবনা

favicon
ভোরের আলো ডেস্ক:
শুল্ক উত্তেজনার মধ্যেই ট্রাম্প-শি ফোনালাপের সম্ভাবনা

চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শুল্ক উত্তেজনার মধ্যেই চলতি সপ্তাহে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনে কথা বলতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। সোমবার (২ জুন) সিএনবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, আলোচনায় গুরুত্বপূর্ণ খনিজ উপাদানসহ বেশ কিছু বাণিজ্যিক ইস্যু স্থান পেতে পারে। তবে সাম্প্রতিক পাল্টাপাল্টি শুল্কারোপ নিয়ে ফোনালাপে আলোচনা হবে কি না, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।

এর আগে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টও ট্রাম্প-শির সম্ভাব্য ফোনালাপের ইঙ্গিত দিয়েছিলেন।

বাণিজ্যযুদ্ধের পটভূমি

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই ট্রাম্প প্রশাসনের সঙ্গে বেইজিংয়ের মধ্যে বাণিজ্য উত্তেজনা বেড়েই চলেছে। চীন থেকে আমদানিকৃত পণ্যের ওপর ট্রাম্প সম্প্রতি সর্বোচ্চ ১৪৫% পর্যন্ত সম্পূরক শুল্ক আরোপ করেন, যা এপ্রিল মাসে কার্যকর হয়। এর পাল্টা প্রতিক্রিয়ায় চীনও মার্কিন পণ্যের ওপর উচ্চহারে শুল্ক বসায়।

এতে করে দুই দেশের মধ্যে বহু বছর ধরে চলে আসা বাণিজ্য সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

তবে উত্তেজনা কিছুটা কমাতে গত মে মাসের মাঝামাঝি সুইজারল্যান্ডে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হয়। ওই আলোচনার পরিপ্রেক্ষিতে ৯০ দিনের জন্য বেশিরভাগ শুল্ক কমাতে সম্মত হয় উভয় পক্ষ।

এ পরিস্থিতিতে ট্রাম্প-শি ফোনালাপকে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাব্য পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, আলোচনায় অগ্রগতি হলে বিশ্ববাজারে স্থিতিশীলতার নতুন ইঙ্গিত মিলতে পারে।