ঈদযাত্রায় উত্তরবঙ্গগামী মহাসড়কে দ্বিগুণ যানচাপ, বাড়তি ভাড়ায় ভোগান্তি
ঈদযাত্রাকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ দ্বিগুণ বেড়েছে। ঘরমুখো মানুষের ভিড়ে ব্যস্ত হয়ে উঠেছে সড়কপথ। কেউ কেউ গরুবাহী খোলা ট্রাকেও ফিরছেন বাড়ি।
বুধবার (৪ জুন) সকালে মহাসড়কের নগরজলফৈ, রাবনা, এলেঙ্গা বাসস্ট্যান্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে গণপরিবহনের অপেক্ষায় মানুষজনকে দীর্ঘসময় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এ সুযোগে অনেক পরিবহন কর্তৃপক্ষ অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ যাত্রীদের।
রাজশাহীগামী যাত্রী সুলতান বেপারি বলেন, "৩০০ টাকার ভাড়া ৬০০ থেকে ৭০০ টাকা নিচ্ছে বাসগুলো। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।"
অন্যদিকে, এক বাস চালক গফুর মিয়া বলেন, “উত্তরবঙ্গ থেকে খালি গাড়ি ঢাকায় আনতে হয়, তাই কিছুটা ভাড়া বেশি নিচ্ছি। তবে যানবাহনের চাপ থাকলেও সড়কে এখন পরিস্থিতি স্বাভাবিক।”
এদিন ভোরে যমুনা সেতু সংযোগ সড়কে একাধিক দুর্ঘটনা ও গাড়ি বিকল হওয়ার কারণে যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে। তবে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, “মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও যানজট নেই। পর্যাপ্ত সংখ্যক পুলিশ নিয়োজিত রয়েছে যান চলাচল স্বাভাবিক রাখতে।”