মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
হোমরাজনীতিতারেক রহমানের সঙ্গে লন্ডনে ড. ইউনূসের সম্ভাব্য বৈঠক ঘিরে জল্পনা

তারেক রহমানের সঙ্গে লন্ডনে ড. ইউনূসের সম্ভাব্য বৈঠক ঘিরে জল্পনা

favicon
ভোরের আলো ডেস্ক:
তারেক রহমানের সঙ্গে লন্ডনে ড. ইউনূসের সম্ভাব্য বৈঠক ঘিরে জল্পনা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ৯ জুন যুক্তরাজ্য সফরে যাচ্ছেন। এ সফর ঘিরে সবচেয়ে আলোচিত বিষয়—লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তাঁর কোনো বৈঠক হবে কি না। ঢাকার রাজনৈতিক ও কূটনৈতিক মহলে এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা।


সূত্র বলছে, দুই নেতার মধ্যে একটি আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক বৈঠকের সম্ভাবনা থাকলেও এখনো তা চূড়ান্ত হয়নি। বৈঠকটি আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে যোগাযোগ চালিয়ে যাওয়া হচ্ছে, তবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ও সময়সূচি নিয়ে মতানৈক্যের কারণে আলোচনা কিছুটা আটকে আছে। বিএনপির পক্ষ থেকে বৈঠকের শর্ত হিসেবে নির্বাচনের তারিখ ও রোডম্যাপ নিয়ে নীতিগত ঐকমত্য চাওয়া হচ্ছে।


এদিকে প্রধান উপদেষ্টার সফরের সময় ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বাকিংহাম প্যালেসে সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। তিনি ‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, কমনওয়েলথ ও আইএমওর মহাসচিবসহ বিভিন্ন আন্তর্জাতিক নেতার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন।


সফরের অংশ হিসেবে ড. ইউনূস ‘চাথাম হাউস’ থিংকট্যাংক সেমিনারে যোগ দেবেন এবং বাংলাদেশি কমিউনিটির সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নেবেন। বিবিসি, আইটিভি, গার্ডিয়ান ও টাইমসসহ আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দেবেন বলেও জানা গেছে।


প্রসঙ্গত, তারেক রহমানের সঙ্গে আগেও কোনো বৈঠক না হওয়ায় এবার ড. ইউনূসের যুক্তরাজ্য সফরে দুই নেতার দেখা হওয়া নিয়ে আগ্রহ আরও বেড়েছে। তবে সফরকালে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ কর্মসূচি থাকায় তাঁর কর্মসূচি গোপন রাখা হচ্ছে।


ড. ইউনূস সরকার গঠনের পর এ পর্যন্ত ১০টি দেশ সফর করেছেন। এটি হবে তাঁর একাদশ বিদেশ সফর। সফর শেষে তিনি ১৩ জুন দেশে ফিরবেন।