মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
হোমসারা দেশফাঁকা মাঠে ডাকাতির কবলে বাবা-ছেলে, জিয়ারুলের অবস্থা আশঙ্কাজনক

ফাঁকা মাঠে ডাকাতির কবলে বাবা-ছেলে, জিয়ারুলের অবস্থা আশঙ্কাজনক

favicon
ভোরের আলো ডেস্ক:
ফাঁকা মাঠে ডাকাতির কবলে বাবা-ছেলে, জিয়ারুলের অবস্থা আশঙ্কাজনক

চুয়াডাঙ্গার সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে ফেরার পথে ডাকাতির কবলে পড়ে গুরুতর আহত হয়েছেন এক বাবা ও তাঁর ছেলে। বুধবার (৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে শিবপুর ও মর্তুজাপুর গ্রামের মাঝামাঝি একটি ফাঁকা মাঠে এই হামলার ঘটনা ঘটে।


আহত শফিউদ্দীন (৫৫) ও তাঁর ছেলে জিয়ারুল ইসলাম (২২) কুতুবপুর গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা এবং ভ্রাম্যমাণ পোশাক বিক্রেতা। তারা জানান, রাতে দশমাইল বাজারে বেচাকেনা শেষে বাড়ি ফিরছিলেন ভ্যানে করে। পথে একটি ফাঁকা মাঠে পৌঁছালে রাস্তার ওপর রাখা বাঁশের ব্যারিকেড পার হতে গিয়ে ভ্যানটি উল্টে যায়। ঠিক তখনই ৬-৭ জনের এক দল ডাকাত তাদের ঘিরে ধরে।


ডাকাতরা কিছু বোঝার আগেই জিয়ারুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে এবং শফিউদ্দীনকে বেধড়ক পিটিয়ে আহত করে। পরে তাদের কাছ থেকে ৭০-৮০ হাজার টাকা লুট করে ডাকাতরা পালিয়ে যায়।


পথচারীরা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল কাদের জানান, জিয়ারুলের বাম হাতে গভীর ক্ষত হয়েছে এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তবে শফিউদ্দীন শঙ্কামুক্ত আছেন।


চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি সড়ক দুর্ঘটনা বলে জানা গেছে। তবে ডাকাতির অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।