মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
হোমসারা দেশঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৩ কিমি যানজট, চরম ভোগান্তিতে ঘরমুখো মানুষ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৩ কিমি যানজট, চরম ভোগান্তিতে ঘরমুখো মানুষ

favicon
ভোরের আলো ডেস্ক:
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৩ কিমি যানজট, চরম ভোগান্তিতে ঘরমুখো মানুষ


ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের ঢলে আবারও ভয়াবহ যানজট দেখা দিয়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে। যমুনা সেতুর পূর্বপ্রান্ত থেকে আশেকপুর পর্যন্ত প্রায় ২৩ কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে, যা যাত্রী ও চালকদের চরম দুর্ভোগে ফেলেছে।


সরকারি ছুটি শুরু হওয়ার পর বুধবার (৪ জুন) রাত থেকেই মহাসড়কে যানবাহনের চাপ দ্বিগুণ হয়ে যায়। রাতভর ধীরগতিতে চলার পর বৃহস্পতিবার ভোর থেকে যানবাহনের চাপ আরও বেড়ে যায়, ফলে পুরো রাস্তায় গাড়ি থেমে থেমে চলছে।


উত্তরবঙ্গগামী যাত্রীরা জানান, তারা সন্ধ্যায় গাড়িতে উঠলেও টাঙ্গাইলে পৌঁছাতে সময় লেগেছে ১০-১২ ঘণ্টা। দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় নারী, শিশু ও বৃদ্ধরা বেশ কষ্টে পড়েছেন। কেউ কেউ অসুস্থও হয়ে পড়েছেন।


দিনাজপুরগামী যাত্রী রফিকুল ইসলাম বলেন, “রাত ৯টায় গাড়িতে উঠেছি। ১০ ঘণ্টায় টাঙ্গাইলে এসেছি। এরপর সকাল ৬টা থেকে আবার গাড়ি বন্ধ। খাওয়া নেই, ঘুম নেই, গরমে কষ্টে আছি।”


মালয়েশিয়া প্রবাসী রাসেল মিয়া জানান, “রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দর থেকে মাইক্রোবাসে রওনা দিয়েছি। ১২ ঘণ্টায় টাঙ্গাইল এসে পৌঁছেছি। কখন বাড়ি পৌঁছাব, বুঝতে পারছি না।”


চালকরাও জানান, অতিরিক্ত যানবাহনের চাপেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দুদিন ধরে ঠিকমতো খাওয়া-ঘুম করতে না পারায় তারা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। এতে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।


পুলিশ জানিয়েছে, যানজট নিয়ন্ত্রণে মহাসড়কে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে তারা কাজ করে যাচ্ছে বলে আশ্বস্ত করেছেন।