বিক্ষোভে থমকে রাজশাহীর ট্রেন চলাচল, চলবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত
রাজশাহীর চারঘাট উপজেলায় নন্দনগাছী রেলস্টেশন সংস্কারের দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছে স্থানীয়রা। বুধবার (১১ জুন) সকাল থেকে এই কর্মসূচি শুরু হয়।
বিক্ষুব্ধরা স্টেশনের দুই পাশে লাল নিশান টানিয়ে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। তারা স্টেশন সংস্কার, আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতিসহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নেমেছে।
এ কারণে সারাদেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস এবং ঢাকাগামী মধুমতি, বনলতা ও সিল্কসিটি এক্সপ্রেসসহ একাধিক ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে।
এই বিক্ষোভের ফলে ঈদের ছুটি শেষে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে ফিরতে থাকা যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। আন্দোলনকারীরা জানিয়েছে, দাবি মানা না হলে তাদের কর্মসূচি চলতেই থাকবে।