শনিবার , ১৫ আগস্ট ২০২৬
শনিবার , ১৫ আগস্ট ২০২৬
হোমবিশ্বক্যালিফোর্নিয়ায় বিক্ষোভ নিয়ন্ত্রণে কারফিউ, সেনা ব্যবহারে আদালতের হস্তক্ষেপ চাওয়া

ক্যালিফোর্নিয়ায় বিক্ষোভ নিয়ন্ত্রণে কারফিউ, সেনা ব্যবহারে আদালতের হস্তক্ষেপ চাওয়া

favicon
ভোরের আলো ডেস্ক:
ক্যালিফোর্নিয়ায় বিক্ষোভ নিয়ন্ত্রণে কারফিউ, সেনা ব্যবহারে আদালতের হস্তক্ষেপ চাওয়া


ক্যালিফোর্নিয়ায় অভিবাসনবিরোধী অভিযানের প্রতিবাদে ডাউনটাউনে চলমান বিক্ষোভের জেরে লস অ্যাঞ্জেলেস শহরে রাত্রীকালীন কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন। শহরের মেয়র কারেন ব্যাস ঘোষণা করেছেন, প্রতিদিন রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে, যা প্রায় এক বর্গমাইল এলাকাজুড়ে কার্যকর হবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কারফিউ বহাল থাকতে পারে বলে জানান তিনি।


লস অ্যাঞ্জেলেস পুলিশ প্রধান জিম ম্যাকডোনেল জানিয়েছেন, শহরে টানা কয়েকদিন ধরে অবৈধ ও বিপজ্জনক আচরণ বেড়ে যাওয়ায় জননিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত জরুরি হয়ে পড়ে।


এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যালিফোর্নিয়ার বিক্ষোভকারীদের ‘পেশাদার উসকানিদাতা’ ও ‘জন্তু’ হিসেবে অভিহিত করেছেন। মঙ্গলবার নর্থ ক্যারোলিনার ফোর্ট ব্র্যাগে সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেন, যেখানে সেনাদের মধ্যে কেউ কেউ করতালি দিয়ে প্রতিক্রিয়া জানান।

ট্রাম্পের মন্তব্যের আগে দিন কয়েক আগেই লস অ্যাঞ্জেলেসে মেরিন সেনা মোতায়েন করা হয়, যা তিন দশকের মধ্যে অভ্যন্তরীণ বেসামরিক অস্থিরতায় প্রথমবার সক্রিয় সেনা ব্যবহারের ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।


যদিও পেন্টাগনের নীতিমতে সেনাবাহিনীকে রাজনৈতিক নিরপেক্ষ থাকতে বলা হয়, প্রেসিডেন্টের বক্তব্য এবং সেনাদের প্রতিক্রিয়া এই নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক বলে সমালোচিত হচ্ছে।


স্থানীয় ও রাজ্য কর্মকর্তারা অভিযোগ করেছেন, প্রেসিডেন্টের হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও ঘোলাটে করেছে। এমনকি ক্যালিফোর্নিয়ার কয়েকজন কর্মকর্তা মঙ্গলবার সান ফ্রান্সিসকোর এক ফেডারেল বিচারকের কাছে অনুরোধ করেছেন, যাতে সেনা ও ন্যাশনাল গার্ডকে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যবহার বন্ধ করা যায়।