আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ বিধ্বস্ত, হোস্টেল ভবনে আঘাত
ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে একটি এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী উড়োজাহাজ চিকিৎসকদের হোস্টেল ভবনে বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১টা ৩৮ মিনিটে সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাওয়া ফ্লাইট এআই-১৭১, মাত্র পাঁচ মিনিটের মাথায় মেঘানি নগরের একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।
দুর্ঘটনাগ্রস্ত উড়োজাহাজটি একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার, যার যাত্রী ধারণক্ষমতা ২৫৬ জন। তবে, ফ্লাইটটিতে মোট ২৪২ জন আরোহী ছিলেন। এদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন যুক্তরাজ্যের, ৭ জন পর্তুগালের এবং একজন কানাডার নাগরিক।
ভারতের বেসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ জানায়, উড়োজাহাজটির প্রধান পাইলট ছিলেন ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল, যিনি একজন লাইন ট্রেনিং ক্যাপ্টেন (এলটিসি)। তার ঝুলিতে রয়েছে ৮,২০০ ঘণ্টার ফ্লাইট অভিজ্ঞতা। কো-পাইলটের অভিজ্ঞতা ছিল ১,১০০ ঘণ্টা।
বিধ্বস্তের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে ডিজিসিএ। উদ্ধার ও ত্রাণকাজ চলছে, এখনো হতাহতের সংখ্যা নিশ্চিত করা হয়নি। স্থানীয় প্রশাসন এবং দমকল বাহিনী দুর্ঘটনাস্থলে পৌঁছেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।