ভারতে মায়ের সঙ্গে দেখা করলেন সজীব ওয়াজেদ জয়, ক্ষমতাচ্যুতির পর প্রথম সাক্ষাৎ
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বর্তমানে ভারতে অবস্থান করছেন। ঈদুল আজহার আগের দিন, গত ৬ জুন (শুক্রবার) তিনি ভারতের উদ্দেশে যাত্রা করেন মায়ের সঙ্গে সাক্ষাতের জন্য। দীর্ঘ প্রায় ১০ মাস পর এই প্রথম মা-ছেলের দেখা হলো।
ভারতের নিরাপত্তা সংস্থাগুলোর একাধিক সূত্র এবং দেশটিতে অবস্থানরত আওয়ামী লীগের সিনিয়র নেতাদের বরাতে বিবিসি বাংলা জানিয়েছে, এ সফর মূলত ব্যক্তিগত এবং পারিবারিক। এতে রাজনৈতিক কোনো কর্মসূচির ইঙ্গিত নেই।
প্রসঙ্গত, শেখ হাসিনা গত বছরের ৫ আগস্ট ক্ষমতা হারান। এরপর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর জয়-এর বাংলাদেশি পাসপোর্ট বাতিল করা হয়। তবে সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড এবং পরবর্তীতে পাসপোর্ট পেয়েছেন। সেই সূত্রেই তার ভারত সফরের জল্পনা চলছিল। যদিও আগেই পরিকল্পনা থাকলেও জয় তাঁর সফর এগিয়ে আনেন।
জয় ভারতে পৌঁছানোর পর তাকে কঠোর নিরাপত্তায় শেখ হাসিনার গোপন ঠিকানায় পৌঁছে দেওয়া হয়। সেখানে শেখ রেহানা ও শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলও রয়েছেন। তবে পুতুলের সঙ্গে ভাই জয়ের সাক্ষাৎ হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত নয় কোনো সূত্র।
এদিকে জয় কলকাতায় যাবেন—এমন গুঞ্জন থাকলেও ভারতের নিরাপত্তা সংস্থাগুলো জানিয়েছে, এবার তাঁর কলকাতা সফরের কোনো পরিকল্পনা নেই। আওয়ামী লীগের ঘনিষ্ঠ মহলের সূত্রও বলছে, জয় ভারতে দীর্ঘ সময় অবস্থান করবেন না। সফরটি সীমিত এবং সম্পূর্ণ ব্যক্তিগত বলেই বিবেচিত হচ্ছে।