শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
হোমবিনোদন‘তাণ্ডব’ পাইরেসি ঠেকাতে ব্যর্থতা, তবু আশাবাদী প্রযোজক

‘তাণ্ডব’ পাইরেসি ঠেকাতে ব্যর্থতা, তবু আশাবাদী প্রযোজক

favicon
ভোরের আলো ডেস্ক:
‘তাণ্ডব’ পাইরেসি ঠেকাতে ব্যর্থতা, তবু আশাবাদী প্রযোজক

প্রকাশের এক সপ্তাহের মধ্যেই পাইরেসির শিকার হলো আলোচিত সিনেমা ‘তাণ্ডব’
যদিও শুরুতেই প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই জানিয়েছিল, পাইরেসি ঠেকাতে তারা কড়া নজরদারি চালাচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত তা থামানো যায়নি।

শুক্রবার রাত থেকেই টেলিগ্রামের বিভিন্ন চ্যানেল ও গ্রুপে ছড়িয়ে পড়ে সিনেমাটির পাইরেটেড কপি। পরবর্তীতে ইউটিউব ও বিভিন্ন ওয়েবসাইটেও তা আপলোড করা হয়। যদিও ইউটিউব কর্তৃপক্ষ কিছু কন্টেন্ট সরিয়ে ফেলেছে, তবে এখনও অনেক প্ল্যাটফর্মে সিনেমাটির চোরাচালান চলছে।

আলফা আইয়ের কর্ণধার ও প্রযোজক শাহরিয়ার শাকিল জানান, “আমরা প্রথম থেকেই আন্তর্জাতিক মানের পাইরেসি নিয়ন্ত্রণকারী একটি এজেন্সি নিয়োগ দিয়েছি। তাদের মাধ্যমে বিভিন্ন সোর্সে নজরদারি চলছে। যেসব পেজ বা চ্যানেল থেকে লিংক ছড়ানো হচ্ছে, সেগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। আইনি ব্যবস্থাও নেওয়া হবে।”

তবে প্রযোজকের মতে, পাইরেসির কারণে সিনেমাটির ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়বে না। তিনি বলেন, “বিশ্বের সব বড় সিনেমাই পাইরেসির শিকার হয়। এর আগে আমাদের ‘তুফান’ সিনেমাটিও এই পরিস্থিতি দেখেছে। তবে বড় পর্দার অভিজ্ঞতা দর্শকের কাছে অমূল্য—তাই হলে দর্শক আসবেনই। এরই মধ্যে কয়েকদিনের আগাম টিকিট বিক্রিও সন্তোষজনক।”

রায়হান রাফী পরিচালিত অ্যাকশন ঘরানার 'তাণ্ডব' মুক্তি পেয়েছে ঈদের দিন, দেশের ১৩৩টি হলে। সিনেমাটিতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন জয়া আহসান, সাবিলা নূর, শহীদুজ্জামান সেলিম, আফজাল হোসেন, এফ এস নাঈমসহ অনেকে। প্রথম দিন থেকেই দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।