ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৪, আহত বহু
ইসরায়েলের বিভিন্ন স্থানে রোববার রাতেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ পর্যন্ত সর্বশেষ এই হামলায় চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে রয়েছেন দুজন নারী ও দুজন পুরুষ। বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড আদম (এমডিএ)।
এছাড়া হামলায় আহত হয়েছেন অন্তত ৮৭ জন। তাদের মধ্যে একজন ৩০ বছর বয়সী নারীর অবস্থা গুরুতর বলে চিকিৎসা সূত্রে জানা গেছে।
হাইফা, তেল আবিব ও জেরুজালেমে নিশানা
রোববার রাতের হামলায় ইরান একযোগে হাইফা, তেল আবিব এবং জেরুজালেমসহ একাধিক শহরে ক্ষেপণাস্ত্র ও রকেট ছুঁড়ে মারে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকলেও একাধিক স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে।
ইরানি জেনারেল নিহত
ইসরায়েলি হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান, তার সহকারী ও এক কমান্ডার নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন।
আকাশে ধোঁয়ার কুন্ডলি, সাইরেন ও আতঙ্ক
তেল আবিবসহ বিভিন্ন স্থানে রাতভর সাইরেন বেজে চলেছে। হামলার আশঙ্কায় সোমবার সকালেও বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়। কিছুক্ষণের মধ্যে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আকাশে দেখা যায় ঘন কালো ধোঁয়া।
হাইফায় ব্যাপক ক্ষয়ক্ষতি
তেল আবিব থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে হাইফা শহরে ইরানি হামলায় সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, সেখানে একাধিক স্থানে আগুন লেগেছে এবং ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ করছে জরুরি সেবা সংস্থাগুলো।
পাল্টা হামলায় উত্তেজনা আরও বেড়েছে
সোমবার প্রথম প্রহরে ইরানে পাল্টা হামলা চালায় ইসরায়েল, যেটি ইরানের আগের হামলার জবাব হিসেবে উল্লেখ করছে ইসরায়েলি সংবাদমাধ্যম। দু’পক্ষের মধ্যে পাল্টাপাল্টি এই সংঘর্ষে সংঘাত আরও ঘনীভূত হচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে এই উত্তেজনা বড় ধরনের আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে, যদি দ্রুত কূটনৈতিক হস্তক্ষেপ না আসে।