বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
হোম › শিক্ষা › ২৬ জুন শুরু এইচএসসি, কেন্দ্রগুলোতে কঠোর স্বাস্থ্যসতর্কতা

২৬ জুন শুরু এইচএসসি, কেন্দ্রগুলোতে কঠোর স্বাস্থ্যসতর্কতা

favicon
ভোরের আলো ডেস্ক:
২৬ জুন শুরু এইচএসসি, কেন্দ্রগুলোতে কঠোর স্বাস্থ্যসতর্কতা

আগামী ২৬ জুন শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমান পরীক্ষাকে সামনে রেখে কঠোর স্বাস্থ্যবিধি মানার নির্দেশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। সোমবার (১৬ জুন) বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক জরুরি নির্দেশনায় এই সিদ্ধান্ত জানানো হয়।


নির্দেশনাটি দেশের সব জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।


এতে বলা হয়েছে, প্রতিটি পরীক্ষাকেন্দ্রে মাস্ক পরা এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। পরীক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার মাস্ক পরে কেন্দ্রে প্রবেশ নিশ্চিত করতে হবে। প্রবেশপথে স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে।


সাম্প্রতিক করোনা সংক্রমণ বৃদ্ধি ও ডেঙ্গু বিস্তার রোধে কেন্দ্রের ভেতর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে এবং পরীক্ষা শুরুর আগে মশা নিধনের ওষুধ স্প্রে করতে হবে। এ কাজে স্থানীয় প্রশাসনের সহযোগিতা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।


এছাড়া, পরীক্ষার কক্ষে আসন বিন্যাস বোর্ডের নির্দেশনা অনুযায়ী নিশ্চিত করতে হবে। প্রতিটি কেন্দ্রে মেডিকেল টিম সক্রিয় রাখতে হবে এবং স্থানীয় সিভিল সার্জন বা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখতে হবে।


পরীক্ষাকেন্দ্রের বাইরে অভিভাবকদের ভিড় বা জটলা রোধে প্রচারণা চালানোর কথাও বলা হয়েছে।


বোর্ডের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা চলবে ২৬ জুন থেকে ১০ আগস্ট পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ থেকে ২১ আগস্টের মধ্যে।


করোনা মহামারির পর থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার গুরুত্ব নতুন করে উপলব্ধি করছে সরকার। সাম্প্রতিক সংক্রমণ বেড়ে যাওয়ায় পরীক্ষাকেন্দ্রে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।



1/2