গুলশানের সরকারি বরাদ্দের বাড়িতে উঠছেন তারেক রহমান
দেশে ফিরে গুলশান-২ এর মায়ের নামে বরাদ্দ পাওয়া বাড়িতেই উঠছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর ১৯৮১ সালে বেগম খালেদা জিয়ার নামে বাড়িটি বরাদ্দ দেয় তৎকালীন সরকার।
চলতি বছরের ৪ জুন সরকার আনুষ্ঠানিকভাবে বাড়িটির নামজারি করে কাগজপত্র বিএনপি চেয়ারপারসনের হাতে তুলে দেয়। এরপরই গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে পরিবারের সদস্যদের নিয়ে উঠবেন তারেক রহমান—এমনটাই জানাচ্ছেন বিএনপির নেতারা। এরইমধ্যে বাড়িটির সংস্কার কাজ সম্পন্ন হয়েছে।
সবুজে ঘেরা, একতলা ছিমছাম দালানটি দীর্ঘদিন পর আবার বসবাসযোগ্য করে তোলা হয়েছে। বাড়িটির আশপাশে রয়েছে মেহগুনিসহ নানা গাছপালা, ভেতরে তিনটি বেডরুম, ড্রয়িং-ডাইনিং, লিভিং রুম, সুইমিংপুল ও বাগান। বাড়িটির নিরাপত্তায় রয়েছে ১০ জন পুলিশ সদস্য।
দলীয় সূত্র বলছে, জাতীয় নির্বাচনের তফসিল চূড়ান্ত হলেই দেশে ফিরবেন তারেক রহমান। এদিকে, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডন ফিরে যাওয়ার আগে বাড়িটি পরিদর্শন করে গেছেন।
উল্লেখ্য, এর আগে ১৯৮২ সালে খালেদা জিয়ার নামে ক্যান্টনমেন্ট এলাকার মঈনুল রোডে আরও একটি বাড়ি বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে ২০১০ সালে আদালতের নির্দেশে সেই বাড়ি থেকে তাকে উচ্ছেদ করা হয়। পরে কিছুদিন ভাইয়ের বাড়িতে অবস্থান করার পর ২০১২ সালের ২১ এপ্রিল গুলশানের ভাড়া বাসা ‘ফিরোজা’-তে ওঠেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।