অস্ত্র-ইয়াবাসহ আটক, ছাত্রদলের দুই নেতা বহিষ্কার
খুলনায় অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া ছাত্রদলের দুই নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। বহিষ্কৃতরা হলেন খুলনা সিটি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাজু আহমেদ এবং বাগেরহাট জেলার শরণখোলা ইউনিয়ন ছাত্রদলের সদস্যসচিব শামীম হোসেন।
মঙ্গলবার (১৭ জুন) ছাত্রদলের কেন্দ্রীয় দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাজু আহমেদ ও শামীম হোসেনকে ছাত্রদলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে সোমবার রাতে খুলনার শিপইয়ার্ড এলাকা থেকে রাজু আহমেদ, ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জুনায়েদ হোসেন মুন্না এবং শামীম হোসেনকে আটক করে যৌথ বাহিনী। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ২৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরে রাজু ও মুন্নার বিরুদ্ধে অস্ত্র এবং শামীমসহ তিনজনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পুলিশ। ঘটনায় ছাত্রদলের শীর্ষ নেতারা দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেন।